সিলেট নিউজ বিডি ডেস্কঃ নভেল করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে ভারতে ‘জনতা কারফিউ’ শুরু হয়েছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই কারফিউ।
গেল সপ্তাহেই অতিজরুরি প্রয়োজন ছাড়া মানুষদের ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে আজ বিকাল ৫ টায় সকল ভারতীয়দের দরজা, জানালা বা বারান্দায় দাঁড়াতে অনুরোধ করেছেন মোদি। করোনা পরিস্থিতি মোকাবেলায় যারা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে কাজ করছেন হাততালি বা বাসন পিটিয়ে বা বাঁশি বাজিয়ে তাদের অনুপ্রাণিত করা হবে।
জনতা কারফিউয়ের কারণে রোববার সকাল থেকেই ফাঁকা বেশিরভাগ শহরের রাস্তাঘাট, বন্ধ দোকানপাট। জরুরি প্রয়োজনে অল্প কিছু লোক ঘর থেকে বের হচ্ছেন। রাস্তায় সরকারি বাস থাকলেও তাতে যাত্রী নেই বললেই চলে।
রোববার ভোরে এক টুইটবার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘আর কিছুক্ষণের মধ্যে জনতা কারফিউ শুরু হবে। আসুন, আমরা সবাই এই কারফিউতে সামিল হই, যা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে শক্তি জোগাবে। আমরা এখন যে পদক্ষেপ নিচ্ছি, তা আগামীতে সাহায্য করবে। ঘরে থাকুন, সুস্থ থাকুন।’
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৮৩ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩২ জন, মারা গেছেন অন্তত চারজন।
বিশেষজ্ঞরা বলছেন, অন্য দেশের মতো কোভিড-১৯ বিস্তারের প্রাথমিক পর্যায়ে রয়েছে ভারত। এ সংক্রমণ এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে খুব শিগগিরই আরও ভয়ংকর হয়ে উঠবে পরিস্থিতি। আক্রান্ত হতে পারে লক্ষাধিক মানুষ।
করোনা প্রতিরোধে এরইমধ্যে দেশটির বেশ কয়েকটি রাজ্যে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গুজরাটের অন্তত চারটি শহর আগামী ২৫ মার্চ পর্যন্ত অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। পার্শ্ববর্তী রাজস্থান অবরুদ্ধ ৩১ মার্চ পর্যন্ত। এছাড়া পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের রাজ্যগুলোতে আন্তঃরাজ্য বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
শহরের বাসিন্দাদের এখনই গ্রামে না যেতে অনুরোধ জানিয়েছে ভারত সরকার। পাশাপাশি বাস, ট্রেনসহ যে কোনও জায়গায় ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এক সপ্তাহের জন্য বন্ধ আছে আন্তর্জাতিক সমস্ত ফ্লাইট। মন্দির, দর্শনীয়স্থানসমূহে লোক সমাগম নিষিদ্ধ করা হয়েছে।
সূত্র: এনডিটিভি
Sylhetnewsbd Online News Paper