সিলেট নিউজ বিডি ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশের নয় জেলায় ১ হাজার ১০১ জনকে হোম কোয়ারেন্টিনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে বাগেরহাটে ৩৩৯, বরিশালে ২৮১, সাতক্ষীরায় ২২৯, বগুড়ায় ১৩০, ঝিনাইদহে ৫১, ফেনীতে ৪৯, রাঙ্গামাটিতে ১৯ ও নারায়ণগঞ্জে তিনজন রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর—
বাগেরহাট: জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৩৯ জনকে হোম কোয়ারেন্টিনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। হোম কোয়ারেন্টিনে থাকা অধিকাংশই বিদেশফেরত। এ নিয়ে জেলায় গত ১৪ দিনে ৫৯৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হলো।
নভেল করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে দুজনকে আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। এর মধ্যে একজন নারী।
বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমানে বিদেশফেরত ৫৯৪ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এছাড়া ইমিগ্রেশন পুলিশের তথ্য অনুযায়ী বিদেশফেরতদের হোম কোয়ারেন্টিনে নিশ্চিতের জন্য কাজ করা হচ্ছে।
বরিশাল: বরিশাল বিভাগে এখন পর্যন্ত ১ হাজার ৫৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৮১ জনকে হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য জানান। হোম কোয়ারেন্টিনে থাকা অধিকাংশই প্রবাসী। এছাড়া বরগুনা জেলায় একজন ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
সাতক্ষীরা: গত ২৪ ঘণ্টায় বিদেশফেরত আরো ২২৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে গত ছয়দিনে বিদেশফেরত সাতক্ষীরার ৩৯৯ জনকে হোম কোয়ারেন্টিনে নেয়া হলো।
সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, বিদেশ থেকে আসা সব ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে আনা হবে। এরই মধ্যে হোম কোয়ারেন্টিনের আওতায় আনার কাজ চলছে।
বগুড়া: গতকাল জেলার বিভিন্ন উপজেলার আরো ১৩০ জনকে হোম কোয়ারেন্টিনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টিনে অবস্থানের সংখ্যা দাঁড়াল ৪০৬ জনে।
বগুড়া জেলা সিভিল সার্জনের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা পরিসংখ্যান কর্মকর্তা সাহারুল ইসলাম জানান, গতকাল আরো ১৩০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। এ নিয়ে মোট ৪০৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হলো। এছাড়া যাদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার মেয়াদ পূর্ণ হয়েছে, তাদের সুস্থতার ছাড়পত্র দেয়া হয়েছে।
ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান জানান, জেলার প্রতিটি মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। কেউ যেন গুজব না ছড়ায় সে বিষয়ে সতর্ক করা হচ্ছে।
ঝিনাইদহ: গতকাল ঝিনাইদহে আরো ৫১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৪৮৪ জনকে হোম কোয়ারেন্টিনে রেখেছে স্বাস্থ্য বিভাগ।
ঝিনাইদহ জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি সরোজ কুমার নাথ জানান, যারা হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ পালন করছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
ফেনী: জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ৪৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে ফেনীতে ২১৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের অধিকাংশই প্রবাসী।
জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, গত চার মাসে ফেনীতে ৫ হাজার ৩০০ জন প্রবাসী বিভিন্ন দেশ থেকে এসেছেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। কিন্তু প্রবাসফেরতদের বিস্তারিত ঠিকানা না পাওয়ায় শতভাগ হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা যাচ্ছে না। গতকাল সকাল পর্যন্ত ফেনীতে ২১৬ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া তাদের পরিবারের ১ হাজার ২৩৭ জন সদস্যও হোম কোয়ারেন্টিন মেনে চলছেন।
রাঙ্গামাটি: রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যলয়ের মেডিকেল অফিসার ডা. মোস্তফা কামাল জানান, গতকাল নতুন করে আরো ১৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৬২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হলো।
নারায়ণগঞ্জ : গতকাল সকালে জেলার রূপগঞ্জে ইতালি প্রবাসী এক যুবকসহ পরিবারের তিন সদস্যকে হোম কোয়ারেন্টিনে রেখেছে স্বাস্থ্য বিভাগ।
বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহমেদ। তিনি জানান, এক সপ্তাহ আগে রূপসী এলাকার ইতালি প্রবাসী ওই যুবক দেশে আসেন। কিন্তু তিনি হোম কোয়ারেন্টিনে না থেকে কাপাসিয়া চলে যান। ঘটনাটি এলাকায় জানাজানি হলে আরিফ দুদিন আগে উপজেলার রূপসী এলাকায় শ্বশুর তমিজউদ্দিনের বাড়িতে ওঠেন। খবর পেয়ে প্রশাসন গিয়ে তাকে হোম কোয়ারেন্টিনে পাঠায়।
Sylhetnewsbd Online News Paper