সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটে করোনাভাইরাসের ভয়ে পালিয়ে যাওয়া সিলেট সদর উপজেলার ওই যুবকের (৩৭) সন্ধান মিললো চার ঘন্টা পর। এরপর ২০শে এপ্রিল সোমবার সকালে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল (সদর হাসপাতাল)-এর আইসোলেশন সেন্টারে তাকে ভর্তি করা হয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, করোনার পজিটিভ রিপোর্ট জানার পর রবিবার রাত ৯টার দিকে ওই যুবক আত্মগোপনে চলে যায়। এক পর্যায়ে মোবাইল ফোনও বন্ধ করে দেয়। এ অবস্থায় তার সন্ধান বের করা মুশকিল হয়ে পড়ে। সকলকে দুশ্চিন্তায় ফেলে দেয় সে। পরে রাত ২টার দিকে সে শাহপরান থানার পুলিশের সাথে যোগাযোগ করে। নিরাপদ দূরত্ব বজায় রেখে তার সন্ধান বের করার পর সদর হাসপাতালের অ্যাম্বুলেন্সযোগে তাকে নেয়া হয় সদর হাসপাতালের আইসোলেশনে। রবিবার রাতে সিলেট স্বাস্থ্য বিভাগের এক শীর্ষ কর্মকর্তাও আক্রান্ত যুবকটি খবর পেয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছিলেন।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র জানান, ওই যুবকের শারীরিক অবস্থা ভালো আছে। তার শ্বশরবাড়ির মানুষজনকে হোম কোয়ারেন্টিন মেনে চলতে বলা হয়েছে বলে জানান তিনি।
জানা গেছে, নমুনা পরীক্ষার জন্য ওই যুবককে বৃহস্পতিবার সদর হাসপাতালে আনা হয়। নমুনা সংগ্রহের পর ওই যুবক ফের বাড়িতে কোয়ারেন্টাইনে চলে যান। রবিবার রাতে যুবকের পজিটিভ রিপোর্ট আসার পর বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শাহপরান থানা পুলিশকে অবহিত করা হয়।
এর আগে সিলেট জেলায় চারজন করোনা রোগী শনাক্ত হন। এর মধ্যে প্রথম শনাক্ত হওয়া রোগী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিন গত ১৫ এপ্রিল মারা যান। বাকি দুজন সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার।এছাড়া, ওসমানী হাসপাতালে ভর্তি হওয়া একজন প্রসূতি বর্তমানে সদর হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
Sylhetnewsbd Online News Paper