বড়লেখায় ব্যাবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

সিলেট নিউজ বিডি ডেস্কঃ বড়লেখা থানা পুলিশ রোববার (১৭মে) রাতে সমছ উদ্দিন (৩৪) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে । উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পূর্ব মোহাম্মদনগর (বাজারিটিলা) এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সমছ উদ্দিন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মধ্যগ্রামতলা গ্রামের আমির উদ্দিনের ছেলে।

জানা গেছে, শনিবার (১৬ মে) রাতে সমছ উদ্দিন বাড়ি থেকে খামারের উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেননি। রোববার (১৭ মে) সকালে পরিবারের লোকজন তার মুঠোফোনে বেশ কয়েকবার কল করলেও রিসিভ হয়নি। এরপর ফোনটি বন্ধ পাওয়া যায়। দুপুরে পরিবারের লোকজন তাকে খুঁজতে গিয়ে একটি বাড়ির সামনে তার ব্যবহৃত মোটরসাইকেল দেখতে পান। কিন্তু তার কোনো সন্ধান পাননি। পরে রাত সোয়া ১২টার দিকে মোহাম্মদনগর (বাজারিটিলা) এলাকায় খামারের অদূরে একটি পরিত্যক্ত ঘরে তার (সমছ উদ্দিনের) রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে জানান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত আড়াইটার দিকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক সোমবার (১৮ মে) ভোর রাতে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার তদন্ত চলছে।