জেমস বন্ড মুভিতে নায়ককে যেসব দারুণ গাড়িতে চড়তে দেখা যায় সেসব গাড়ি নিয়ে ভক্তদের আগ্রহের যেন শেষ নেই। আর এ কারণে পরবর্তীতে এসব গাড়ি প্রচুর দামে কিনে নেয় তাদের অনেকেই। এ ধারায় সম্প্রতি যোগ হলো জেমস বন্ডের জন্য তৈরি অ্যাসটন মার্টিন গাড়িটি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে রয়টার্স।
অধিকাংশ ক্ষেত্রেই বিশেষ অর্ডার দিয়ে বানানো হয় জেমস বন্ডের গাড়িগুলো। তেমনই একটি বিলাসবহুল গাড়ি অ্যাসটন মার্টিনের ডিবি১০। এটি স্পেকট্রা ফিল্মে ব্যবহৃত হয়েছে।
অতীতেও দেখা গেছে, অ্যাসটন মার্টিন গাড়ি ০০৭ এজেন্টদের বেশ প্রিয়। এ সিরিজের জন্য প্রায় ১০টি গাড়ি তৈরি করেছে অ্যাসটন মার্টিন। বিশেষভাবে তৈরি এ গাড়িতে ড্যানিয়েল ক্রেগকে মুভিতে সদর্পে দাপিয়ে বেড়াতে দেখা যায়। গাড়িটির বহু অংশই সিনেমাটির জন্য বিশেষভাবে মডিফাই করা হয়েছে।
স্পেকট্রা সিলভার ডিবি১০ মডেলটি যে নিলামে তোলা হয় তার নাম ‘জেমস বন্ড স্পেকট্রা : দ্য অকশন’। অকশন হাউজ ক্রিস্টি জানিয়েছে এ গাড়ির নিলামটি মাত্র পাঁচ মিনিট স্থায়ী হয়। এতে রিজার্ভ মূল্য ছিল ১০ লাখ পাউন্ড থেকে ১৫ লাখ পাউন্ড। শেষ পর্যন্ত এটি নিলামে ২৪,৩৪,৫০০ পাউন্ড বা প্রায় সাড়ে তিন মিলিয়ন ডলারে বিক্রি হয়।
নিলামে স্পেকট্রা মুভিতে ব্যবহৃত আরও বেশ কিছু জিনিস বিক্রি হয়। এসব জিনিসের মধ্যে রয়েছে ৯ ক্যারেট স্বর্ণের আংটি। এ ছাড়া চলচ্চিত্রটির শুরুর দৃশ্যে ক্রেইগের পরা পোশাক, যার দাম ছিল ৯৮ হাজার ৫০০ পাউন্ড। এ ছাড়া সংগীতশিল্পী স্যাম স্মিথের গাওয়া রাইটিং অন দ্য ওয়াল সংগীত শিট ও ভিনাইল সিঙ্গেল, মুভি চার্ট-টপিং থিম টিউন বিক্রি হয়েছে ৯,৩৭৫ পাউন্ডে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নিলামে সব মিলিয়ে ১০টি লটে প্রায় ২.৮ মিলিয়ন পাউন্ড মূল্যে চলচ্চিত্রে ব্যবহৃত সামগ্রীগুলো বিক্রি হয়। এ মূল্যের একটি অংশ সেবামূলক কাজে ব্যয় হবে। এ ছাড়া আরেকটি অনলাইন নিলামে ২৩ ফেব্রুয়ারি ১৪টি লটে আরও কিছু সামগ্রী বিক্রি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Sylhetnewsbd Online News Paper