সুনামগঞ্জে বাংলা বানান শুদ্ধিকরণ অভিযান

সুনামগঞ্জ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে সুনামগঞ্জে বাংলা বানান শুদ্ধিকরণ অভিযান করেছে সুনামগঞ্জ পৌর কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে পৌর কলেজের বাংলা বিভাগ এর উদ্যোগে শহরে এ অভিযান শুরু হয়।

অভিযানে অংশ নেয়া শিক্ষার্থীরা বিভিন্ন বিপণী কেন্দ্রের ভুল বানানগুলো রঙতুলি লিখে দিয়ে শুদ্ধ করে দেন। অভিযানে অংশ নেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ ও সহকারী অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার।

তাঁরা পুরো অভিযান তদারকি করেন।

জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সর্বস্তরে সঠিক বাংলা বানান ব্যবহারের লক্ষ্যে সবাইকে আন্তরিক হতে হবে। এছাড়া তিনি বিদ্যালয়ে পাঠদানের সময় শিক্ষকদের শুদ্ধ ও প্রমিত উচ্চারণে বাংলা বলার উপরেও গুরুত্বারোপ করেন।