মস্তফা উদ্দিন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সদ্য প্রয়াত আওয়ামী লীগের জাতীয় নেতা মোহাম্মদ নাসিম, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ সহ সরকারের বিভিন্ন মন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে মৌলভীবাজারের বড়লেখা থানায় বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৭।
দায়েরকৃত মামলায় নাম উল্লেখিত আসামি দেলোয়ার হোসেন(২৮) নামে এক যুবককে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের নিজবাহাদুরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। তাকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিএনপি, ছাত্রদল ও জামায়াত-শিবিরের একটি সংঘবদ্ধ চক্র ১০ জুন থেকে ১৬ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রয়াত সরকারের বিভিন্ন মন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীসহ রাষ্ট্র ও সরকারবিরোধী মিথ্যা,বিভ্রান্তিমূলক স্ট্যাটাস, কমেন্ট ও ভিডিও আপলোড করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
এই ঘটনায় (১৮ জুন) বৃহস্পতিবার রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে বড়লেখা থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৭)। মামলার আসামিরা হলেন, উপজেলার বড়থল গ্রামের আব্দুল মালিকের ছেলে রুমেল আহমদ ওরফে মমতা আহমদ (৩৫), গল্লাসাঙ্গন গ্রামের আব্দুল মালিকের ছেলে মুহিবুর রহমান (২৮), ইটাউরি গ্রামের সৈয়দ সফিকুল হকের ছেলে সৈয়দ আদনানুল হক (২৭), রুকনপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে আসুক আহমদ (৩০) এবং নিজবাহাদুরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে দেলোয়ার হোসেন (২৮)। বৃহস্পতিবার রাতেই মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শরীফ উদ্দিন নিজবাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে মামলার আসামি দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিন শুক্রবার (১৯ জুন) বিকেলে ৬টায় বলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদের আহমদের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ (শুক্রবার) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার অন্যন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, ফেইস বুকে কটুক্তির অভিযোগ রুমেল আহমদের বিরুদ্ধে এর আগে ২০১৮ সালে আইসিটি আইনে মামলা হয়েছিল। সে সময় জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটুক্তির দায়ে বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছালেহ আহমদ জুয়েল বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করেন মামলা দায়ের করেন। মামলায় রুমেল আহমদ ২ নম্বর আসামী ছিল। মামলাটি এখনও চলমান রয়েছে।
Sylhetnewsbd Online News Paper