সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে একটি কালো রঙের পালসার মোটরসাইকেলে ‘বোমা’ থাকার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থতিতে মোটর সাইকেলটি ঘিরে রেখেছে পুলিশ। যে মোটর সাইকেলে বোমা সদৃশ বস্তু রাখা হয়েছে-ওই মোটর সাইকেলটি সার্জেন্ট চয়ন নাইডুর বলে জানিয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) হাবিবুর রহমান। তিনি জানান, তিনি মোটরসাইকেলটি রেখে পাশের চশমার দোকানে গিয়েছিলেন। সেখান থেকে এসে তিনি সাইকেলে বোমা সদৃশ ডিভাইস দেখতে পান।
বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে একটি মোটর সাইকেল বোমাসদৃশ ডিভাইস পাওয়া যায়। উদ্ভূত পরিস্থিতিতে মোটরসাইকেলটি ঘিরে রেখেছে পুলিশ। এ অবস্থায় বুধবার সন্ধ্যা থেকে জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে ‘বোম্ব ডিসপোজাল’ ইউনিট।
জানা গেছে, পুলিশের ক্রাইসিস রেসপন্স টিমের (সিআরটি) সদস্যদেরকেও ঘটনাস্থলের পাশে অবস্থান করতে দেখা গেছে। তারা মোটর সাইকেলটি ঘিরে রেখেছেন। এরপর র্যাবসহ অন্য বাহিনীর সদস্যরাও সেখানে ছুটে আসেন।
সরেজমিনে দেখা যায়, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে চৌহাট্টা পয়েন্ট ঘিরে রেখেছে পুলিশ। চৌহাট্টা পয়েন্টে আগে পুলিশ বক্স যেখানে ছিল, এর পাশে রয়েছে ওই মোটরসাইকেলটি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার জানান, চৌহাট্টায় সন্দেহভাজন একটি মোটরসাইকেল কর্ডন করে রাখা হয়েছে। বোমা বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মোটরসাইকেলে কি আছে-সে সম্পর্কে বলা যাবে।
Sylhetnewsbd Online News Paper