বড়লেখায় স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রশাসনের অভিযান

বড়লেখা প্রতিনিধি: প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে চলতে বারবার মাইকিংসহ নানা প্রচারণার পরও সাধারণ লোকজন তা মানছে না। হাট-বাজার ও ‘যানবাহনসহ রাস্তাঘাটে অবাধ চলাফেরা করছেন মাস্ক ব্যবহার না করে। তাই স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসন পৌরশহরে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে বড়লেখা পৌরশহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।
এসময় মাস্ক না পরায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ১৯টি মামলায় ১১ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সহায়তা করেন থানার সেকেন্ড অফিসার এসআই প্রভাকর রায়। অভিযান কালে প্রশাসনের পক্ষ থেকে পথচারীদের মাঝে ও মাস্ক বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মহামারি করোনায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হলেও হাট-বাজার ও ‘যানবাহনসহ রাস্তাঘাটে অবাধ চলাফেরা করছেন অনেকে স্বাস্থ্যবিধি না মেনে। তাই স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে, মাঠে প্রশাসনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার। এরই প্রেক্ষিতে বুধবার দুপুরে বড়লেখা পৌরশহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এসময় মাস্ক না পরায় ১৭জনকে ৫ হাজার ৪০০ টাকা, স্বাস্থ্যবিধি না মানায় পৌরশহরের বৈশাখী রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে একটি বাসকে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেন, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ লোকজনদের উদ্বুদ্ধ করতে প্রশাসন রয়েছে তৎপরতা।