সিলেট নিউজ বিডি ডেস্ক: করোনায় মৃত্যুর হার বিশ্বের যে সব দেশে কম, তার চেয়েও কম মানুষ বাংলাদেশে মৃত্যুবরণ করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি। এই দুর্যোগের সময়ে দেশের মুল ধারার গণমাধ্যম যে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে তা অবিস্মরণীয়। তিনি যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) করোনাকালিন পরিস্থিতিতে সিলেট বিভাগের চার জেলার সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রী আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে নগরীর সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ। অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া জেসমিন মিলি।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল বলেন, সাংবাদিকতা নামক মহান পেশার লোকজনের দৈন্যদশার কথা উপলব্ধি করে ২০১৩ সালে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছেন। এর ও আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদানের জন্য গড়ে তুলেছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট। সেই প্রেস ইনস্টিটিউটের মাধ্যমেই পরিচালিত হচ্ছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কল্যাণে বর্তমানে ৪৫ কোটি টাকা স্থিতি রয়েছে। মা থেকে সাংবাদিকদের পাশে দাঁড়ানো হচ্ছে।
মোল্লা জালাল সাংবাদিকদের ইউনিয়ন করার ব্যাপারে তাগিদ দেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ বলেন, বিশ্বের কোন দেশ এখনো গণমাধ্যম কর্মীদের কোন সহায়তায় এগিয়ে আসেনি।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের পাশে দাঁড়িয়ে আজ প্রমান করেছেন তিনি গণমাধ্যম কর্মীদের পরম বন্ধু।
Sylhetnewsbd Online News Paper