সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট হতে তামাবিল পর্যন্ত সড়কের উভয় পাশে ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেনসহ চার লেনে উন্নীত করা হবে। এজন্য ৩ হাজার ৫৮৬ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
এ প্রকল্পে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) ২ হাজার ৯৭০ কোটি ৫৬ লাখ টাকা ঋণ দেবে। চলতি বছর কাজ শুরু হয়ে ২০২৫ সালে জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। গতকাল মঙ্গলবার শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে বৈঠকে সংযুক্ত ছিলেন। সভা শেষে নিয়মিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, সভায় দুইটি নতুন প্রকল্প ও চারটি প্রকল্পের সংশোধিত আকারে অনুমোদন দেওয়া হয়েছে। নতুন দুই প্রকল্প এবং সংশোধিত প্রকল্পের বাড়তি বরাদ্দের জন্য ব্যয় হবে ৬ হাজার ৬২৮ কোটি ৯৯ লাখ টাকা।
সভায় জানানো হয়েছে, সিলেট-তামাবিল মহাসড়ক পৃথক এসএমভিটি লেনসহ চার লেনে উন্নীতকরণ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার এবং চীনের ক্রস বর্ডার সংযোগ স্থাপনসহ উপআঞ্চলিক সড়ক যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে।
সভায় অনুমোদিত নতুন অন্য প্রকল্পটি হচ্ছে, ১২১ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে মতলব-মেঘনা-ধনাগোদা-বেড়িবাঁধ সড়ক উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প। সভায় ১ হাজার ৭৫৭ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে সারাদেশে পুকুর, খাল উন্নয়ন প্রকল্পের ১ম সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় বেড়েছে ৪২২ কোটি ৫২ লাখ টাকা। ৩ হাজার ৫৬৮ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ প্রকল্পের ২য় সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। এতে ১ম সংশোধনী হতে ব্যয় বেড়েছে ১ হাজার ৬৪৮ কোটি ৯৮ লাখ টাকা। এছাড়া ১ হাজার ২৯৯ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্পের ১ম সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে, এতে ব্যয় বেড়েছে ৭৪১ কোটি ৭১ লাখ টাকা। সভায় ১০৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ইউনিয়ন পর্যায়ে মত্স্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ (২য় পর্যায়) প্রকল্পে ২য় সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। এতে ১ম সংশোধনী হতে ব্যয় বেড়েছে ১০৭ কোটি ৮০ লাখ টাকা।
সভায় কৃষি মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিমসহ একনেক সংশ্লিষ্টরা সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।
Sylhetnewsbd Online News Paper