মেসিকে দলে টানতে অদ্ভুত প্রস্তাব

সিলেট নিউজ বিডি ডেস্ক: লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার ব্যাপারে বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে। ক্লাব সভাপতি বার্তেমিউর সাথে আলোচনায় বসতে কাতালুনিয়ার রাজধানীতে পৌঁছেছেন লিওর বাবা ও এজেন্ট হোর্হে মেসি। এছাড়া মেসির সম্ভাব্য গন্তব্যের তালিকায় যোগ হয়েছে দুবাইয়ের এক ক্লাব। অদ্ভুত এক প্রস্তাবও দিয়েছে ক্লাবটি।

শীর্ষ গনমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, শত কোটি মানুষের চোখ লিওনেল মেসির দিকে। বার্সেলোনা আর মেসি দ্বন্দ্বের উপসংহার ঘটতে পারে শিগগিরই। ক্লাব সভাপতির সাথে আলোচনা করতে কাতালুনিয়ার রাজধানীতে এসে পৌঁছেছেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। আর্জেন্টিনার রোজারিও থেকে মেসির নিজস্ব বিমানে করে দীর্ঘ সাত ঘন্টার ফ্লাইট পাড়ি দিয়েছেন হোর্হে।

স্প্যানিশ ও আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি ২০২২ পর্যন্ত লিওকে রেখে দিতে চায় বার্সা। অন্যদিকে ৭০০ মিলিয়নের বাই আউট ক্লজ থেকে মুক্তির পথ নিয়ে আলোচনা করবেন মেসির বাবা।

তবে মেসি মানসিকভাবে বার্সেলোনা ছেড়ে গেছেন বলে দাবি আর্জেন্টিনার সাবেক ফুটবলার জর্জ ভালদানোর। আর সিদ্ধান্ত বদলানোর কোনো সম্ভাবনা দেখেন না বার্সেলোনার ভাবী প্রেসিডেন্ট প্রার্থী ভিক্টর ফন্ট।

মেসির কঠিন সময়ে বার্সা সতীর্থদের মুখ বন্ধ। দলের কোন সদস্য এ বিষয়ে যেমন মন্তব্য করেনি ঠিক তেমনি তার সাথে যোগাযোগও করছে না। তবে ব্যতিক্রম বন্ধু লুইস সুয়ারেজ। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মত মেসি-সুয়ারেজ ডিনার হয়েছে বার্সেলোনারই এক রেস্টুরেন্টে। ছুটে এসেছেন লিওর ম্যানেজার ও পরামর্শক পেপে কস্তাও।

এদিকে লিওনেল মেসি ও বার্সার দ্বন্দের সুযোগ নিতে উঠে পরে লেগেছে জানা-অজানা ক্লাবগুলো। এই যেমন দুবাই আইরিশ এফসি। ক্লাবের সভাপতি ডেনিস ম্যাকগেটিগান ইতোমধ্যে বার্সেলোনাকে প্রস্তাবও দিয়েছে। যদিও মেসির বেতন নিয়ে চিন্তিত ক্লাব প্রেসিডেন্ট। তবে এর বিকল্প পথ ঠিকই বের করেছেন তিনি, অর্থের পাশাপাশি সমুদ্রপাড়ে বিলাসবহুল ভিলা, ডেজার্ট সাফারি আর আনলিমিটেড চিকেন উইংস-এর প্রস্তাব করতে চান দু্বাই আইরিশের মালিক।

এই দলেই কিন্তু এক বছর খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী স্প্যানিশ ফুটবলার মিচেল সালগাদো।