যেভাবে গ্রেফতার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এস আই আকবর

সিলেট নিউজ বিডি ডেস্কঃ কানাইঘাটের ডনা সীমান্ত এলাকা থেকে সোমবার দুপুরে গ্রেফতার হয়েছে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এস আই আকবর। তাকে সোমবার বেলা আড়াইটায় কানাইঘাট থানায় নিয়ে আসা হয়। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত জেলা পুলিশের মিডিয়া অফিসার লুৎফুর রহমান।
স্থানীয় একটি সূত্র জানায়, গত রবিবার রাতে ভারতের মেঘালয় এলাকার শিলচরের দনা বস্তি এলাকায় ঘোরাফেরা করতে দেখে খাসিয়ারা আকবরকে আটক করে। আটকের পর তারা তাকে বাংলাদেশী গরু ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করে। গরু ব্যবসায়ীরা তাকে রহিম নামের স্থানীয় এক লোকের কাছে হস্তান্তর করেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি সূত্র জানায়, তাকে দনা ক্যাম্পে রাখা হয়। সোমবার দুপুরে সিলেট জেলা ডিবি পুলিশের পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে তাকে কানাইঘাট থানায় নিয়ে আসা হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভারতীয় খাসিয়াদের প্রশ্নের জবাবে সে তার নাম আকব বলে জানান। ‘মাত্র ১০ হাজার টাকার জন্য তোমরা মানুষ খুন করে’-এই বলে খাসিয়ারা যখন তাকে তিরস্কার করছিল-প্রতি উত্তরে সে বলে, ‘আমি মারি নাই’। খাসিয়ারা এও জানায়, রায়হানকে হত্যার ভিডিও তারা নেটে দেখেছে। এরপর তারা রশি দিয়ে বেধে বাংলাদেশী গরু ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করে।

এদিকে সিলেট জেলা পুলিশের প্রত্যক্ষ তত্বাবধানে এস আই আকরবকে সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ। কানাইঘাট থানার ওসি এ কে এম শামসুদ্দোহা পিপিএম ও জকিগঞ্জ থানার ওসির নেতৃত্বে সোমবার সকাল ৯টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের হাতে আকবরকে নিয়ে আসতে তিন ঘন্টা সময় ব্যয় হয়েছে। তিনি বলেন, আকবরকে গ্রেফতারে সহযোগিতা করেছেন সীমান্ত এলাকার কয়েকজন ‘বিশ্বস্ত বন্ধু’। এসপি বলেন, আকবর ভারতে পালিয়ে গিয়েছিল নাকি সে সীমান্ত দিয়ে ভারতে যেতে চেয়েছিল- তা তদন্ত করা হচ্ছে।
ব্রিফিংকালে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে আকবরকে কড়া পুলিশী প্রহরায় সিলেট এসপি অফিসে নিয়ে আসা হয়। এ সময় এসপি অফিসের বাইরে বিক্ষুব্ধ জনতা আকবরের ফাঁসির দাবিতে বিক্ষোভ করতে থাকে।