মস্তফা উদ্দিন,বড়লেখা: নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করে দেয়াল ও বিদ্যুতের খুঁটিতে এবং নির্ধারিত আকারের চেয়ে বড় আকারের পোস্টার ও ব্যানার টাঙানোর দায়ে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনের ৩ মেয়র পদপ্রার্থী ও ২১ কাউন্সিলর প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতে ৫৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে।
শনিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত বড়লেখা পৌরশহরে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভির হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি লঙ্গন করে দেয়াল ও বিদ্যুতের খুঁটিতে এবং নির্ধারিত আকারের চেয়ে বড় আকারের পোস্টার ও ব্যানার টাঙানোর দায়ে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরীকে ৫ হাজার, বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলামকে ৫ হাজার ও স্বতন্ত্র প্রার্থী মো. সাইদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অভিযোগে বিভিন্ন ওয়ার্ডের ২১ কাউন্সিলর প্রার্থীকে ২ হাজার টাকা করে মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় উপজেলা নির্বাচন ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান ও থানার এসআই নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান জরিমানার বিষয়টি নিশ্চিত করে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের দায়ে ৩ মেয়র ও ২১ কাউন্সিলর প্রার্থীকে ৫৭ হাজার টাকা জরিমান করা হয়েছে। যারা নির্বাচনবিধি লঙ্ঘণ করবেন, তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
Sylhetnewsbd Online News Paper