বড়লেখায় ৫০ আশ্রয়হীন পরিবার পাচ্ছে পাকা ঘর

মস্তফা উদ্দিন,বড়লেখাঃ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘোষিত গৃহহীন-ভূমিহীন পরিবারে মাঝে বিনামূল্যে পাকা ঘর তৈরী করে দিবে সরকার।বছরের পর বছর ঘর না থাকার কষ্টের জীবন শেষ হতে যাচ্ছে ভূমিহীন ও গৃহহীন মানুষের।

চলমান কর্মসূচির প্রথম পর্যায়ে ৬৬,১৮৯ টি গৃহহীন পরিবার শনিবার পাচ্ছে পাকা ঘর।এর মধ্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৫০ আশ্রয়হীন পরিবার পাবে পাকা ঘর।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,(২৩ জানুয়ারি)শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারাদেশে আনুষ্ঠানিক ভাবে নির্মিত ৬৬,১৮৯টি ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাঠ প্রশাসনের কর্মকর্তা ও জন প্রতিনিধিরা উপকারভোগীদের ঘর বুঝিয়ে দেবেন।

উপজেলা প্রশাসন বড়লেখার তত্ত্বাবধানে আশ্রয়হীন উপকারভোগী ৫০টি পরিবার হচ্ছে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে ১৮টি, দক্ষিণভাগ উত্তরে ৩ টি, সদরে ১০টি,দক্ষিণ শাহবাজপুর ৩ টি এবং উত্তর শাহবাজপুর ইউনিয়নে ১৬ টি।

বছরের পর বছর ঘর না থাকা ভূমিহীন ও গৃহহীন এসব পরিবারের জন্য দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থে দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা রঙিন টিনের ঘর,সংযুক্ত বাথরুম এবং কিচেন সহ প্রতিটি ঘর তৈরীতে ১,৭১,০০০ টাকা করে ৫০টি ঘরে মোট ৮৫,৫০,০০০ টাকা ব্যায় হয়েছে।

ইতিমধ্যে প্রত্যেক পরিবার কে ০২ (দুই শতক) করে ১০০ শতক খাস জমি বন্দোবস্ত প্রদান করে কবুলিয়ত রেজিস্ট্রি সম্পন্ন করা হয়েছে।

অসহায় দরিদ্র জনগোষ্ঠীর (আশ্রয়ন) পুনর্বাসন কাজের বাস্তবায়ন করেছে উপজেলা প্রশাসন, বড়লেখা।