নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণী ইউনিয়নের আহমদপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে প্রকৌশলী সাইফুর রহমান হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন আসামী জয়নাল উদ্দিনকে (৫৫) পুলিশ ৪ দিনের রিমান্ডে নিয়েছে। রোববার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার তার রিমান্ড মঞ্জুর করেন।
জয়নাল উদ্দিন উপজেলার বর্নি ইউপির আহমদপুর গ্রামের মৃত মস্তাব আলীর ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতাউর রহমান গত ৭ জানুয়ারী উপজেলার রতুলীবাজার এলাকার জামাল কমিউনিটি সেন্টারের সম্মুখ থেকে তাকে গ্রেফতার করেন। পরদিন পুলিশ তাকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করে। রোববার আদালতে রিমান্ড শুনানী অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গত বছরের ৩১ জুলাই উপজেলার বর্ণি ইউপির আহমদপুর গ্রামে নিজ বাড়ির মেঝেতে শোয়ানো অবস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সাইফুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। রিমান্ডে থাকা আসামী জয়নাল উদ্দিনসহ খুনিরা পরিকল্পিত হত্যাকান্ডটি ধাপাচাপা দিতে ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে সাইফুরের মৃত্যু হয় বলে এলাকায় প্রচার করে। শরীরে নির্যাতনের চিহ্ন থাকায় তখনই স্বজনরা পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তোলেন।
২৬ অক্টোবর ইঞ্জিনিয়ার সাইফুর রহমানের লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পায় পুলিশ। এতে শ্বাসরোধে হত্যার উল্লেখ থাকায় ওইদিন নিহতের ছোটভাই এমদাদুর রহমান থানায় মামলা করেন। পরে মামলার এজাহার নামীয় আসামি বাবলু আহমদ (২৫), জবলু হোসেন (২৪) ও কামাল হোসেনকে (২০) গ্রেফতার করে পুলিশ কারাগারে পাঠায়।
বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, সাইফুর রহমান হত্যার মুল রহস্য উদ্ঘাটনের জন্য অন্যতম আসামী জয়নাল উদ্দিনকে রোববার পুলিশ ৪ দিনের রিমান্ডে নিয়েছে।
Sylhetnewsbd Online News Paper