সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের ঢল

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের ঢল নামে।
বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস’ উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার। এরপর শ্রদ্ধা জানান সিলেট সিটি কর্পোরেনের মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বিভাগীয় কমিশনার, সিলেট, সিলেট রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসন, মহানগর পুলিশ কমিশনার, জেলা পরিষদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান।

এদিকে, একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকে কেন্দ্র করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তুলে প্রশাসন। নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে বসানো হয় পর্যাপ্ত সিসি ক্যামেরা।