প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তরুণীকে কুপিয়ে হত্যা

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটের বিয়ানীবাজারের বালিঙ্গা গ্রামের প্রেমে প্রত্যাখ্যাত হয়ে মঙ্গলবার সকালে দা দিয়ে কুপিয়ে নাজমিন আক্তার (১৮) নামের এক তরুণীকে কুপিয়ে হত্যা করেছে এক বখাটে। এ ঘটনায় পুলিশ দিনভর অভিযান চালিয়ে নাজিম উদ্দিন ওরফে পাশা (২৩) নামের ওই বখাটেকে গ্রেফতার করেছে।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সকালে দিনমজুর নাজিম উদ্দিন পাশাকে বাড়ির গৃহস্থালি কাজে রেখে নিহতের পিতামাতা তাদের আরেকটি নতুন বাড়ি দেখতে যান। এ সুযোগে ঘরের ভেতর প্রবেশ করে একা টিভি দেখতে থাকা নাজমিনের ঘাড়ে দা দিয়ে একাধিক কোপ দেয় পাশা। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপর সে কুশিয়ারা নদী পাড়ি পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
পারিবারিক সূত্র জানায়, শেওলার বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে অধ্যয়নকালে নাজমিনকে উত্ত্যক্ত করতো প্রতিবেশি বখাটে পাশা। এ নিয়ে দু’পক্ষে বিরোধ দেখা দিলে দুই বছর পূর্বে পারিবারিকভাবে বিষয়টি নিষ্পত্তি হয়। এ ঘটনার পর নাজমিন পড়ালেখা ছেড়ে দেয়। কিন্তু, পাশা নাজমিনকে ভুলতে পারেনি। কিছুদিন পূর্বে সে ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছে। সম্প্রতি ওই তরুণীর বিয়ে অন্যত্র ঠিক হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রেম প্রত্যাখ্যাতের বিষয়কে কেন্দ্র করেই নাজিম উদ্দিন ওরফে বাশার তরুণী নাজমিনকে হত্যা করেছে।
নিহত নাজমিন শেওলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামসুল হক চৌধুরী ওরফে কস্তই মিয়ার পালিত কন্যা। আর নাজিম উদ্দিন পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র। তবে, পাশা দীর্ঘদিন থেকে পরিবারের সাথে একই গ্রামে নানার বাড়ি বসবাস করে।
এলাকাবাসী জানান, তরুণীকে হত্যা করে অভিযুক্ত বখাটে পাশা কাকরদিয়া খেয়াঘাট এলাকা দিয়ে পালিয়ে যায়। কুশিয়ারা নদীর মধ্যখানে নৌকা এলে হঠাৎ করে সে নদীতে ঝাঁপ দেয়। উপস্থিত লোকজন কোন কিছু বোঝার আগেই সে সাঁতার কেটে তীরে ওঠে দৌঁড়ানো শুরু করে। এরপর তরুণী হত্যার খবর জানাজানি হলে পুলিশ ও এলাকাবাসী দিনভর খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টায় পুলিশ তাকে আটক করে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। তিনি বলেন, তরুণী হত্যার মূল অভিযুক্ত পাশাকে তার বোনের বাড়ি থেকে আটক করেছে পুলিশ। সে প্রাথমিকভাবে নাজমিনকে হত্যার কথা স্বীকার করেছে বলেও জানান ওসি।