বালাগঞ্জে ইট ভাটার প্রধান ম্যানেজার খুন

সিলেটের বালাগঞ্জে দিন দুপুরে ইট ভাটার ম্যানেজারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৮ মে) জুমআর নামাজের সময় উপজেলার গরহপুর এলাকার রতরপুর গ্রামের জিবিসি ব্রিক ফিল্ডে এ ঘটনা ঘটে। খুন হওয়া দিরাজ পাল (৬৩)।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আলমপুর এলাকার মনিপুর গ্রামের দিতেন্ত্র কুমার পালের ছেলে। তিনি ওই ব্রিক ফিল্ডে ৮ বছর থেকে প্রধান ম্যানেজারের দায়িত্ব পালন করছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জুমআর নামাজের সময় ব্রিক ফিল্ডের অফিস কক্ষে ম্যানেজার দিরাজ পাল একা থাকা অবস্থায় দুর্বৃত্তরা হামলা করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় অফিস কক্ষ থেকে নগদ টাকা পয়সা ও জরুরী কাগজপত্র নিয়ে লুট করে দুর্বৃত্তরা। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হামলায় আহত দিরাজ পালের চিৎকার শুনতে পেরে স্থানীয়রা তাকে উদ্ধারে করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার উনাকে মৃত ঘোষণা করেন।

বালাগঞ্জ থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। বিষয়টি খতিয়ে দেখছি। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করতে পারিনি। স্থানীয় জনতা, ইট ভাটার মালিক ও
কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।