মস্তফা উদ্দিন,বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পানিসাওয়া এলাকায় এলজিইডি রাস্তার একটি কালভার্ট ভেঙ্গে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতে বালুভর্তি একটি ট্রাক অতিক্রমকালে কালভার্টটি ভেঙ্গে যায়। এতে গত ৫ দিন ধরে দাসেরবাজার, তালিমপুর ও বর্ণি ইউনিয়নের প্রায় ৩০ হাজার জনসাধারণ মারাত্মক দুর্ভোগ পোয়াচ্ছেন। ভুক্তভোগীরা দ্রুত কালভার্টটি মেরামতের দাবী জানিয়েছেন।
সরজমিনে গিয়ে দেখা গেছে, দাসেরবাজার ইউনিয়নের পানিসাওয়া এলাকার বীর প্রতীক মুক্তিযোদ্ধা সফিক উদ্দিন সড়কের একটি কালর্ভাট ভেঙ্গে বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন এ সড়ক দিয়ে প্রতিদিন দাসেরবাজার, বর্ণী ও তালিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ যাতায়াত করেন। অনেক আগেই কালভার্টটি মেয়াদোত্তীর্ণ হয়েছে। কিন্তু নতুন কালভার্ট নির্মাণের উদ্যোগ নেয়নি এলজিইডি।
স্থানীয় বাসিন্দা সুনিল দাস, সজল দাস, প্রনজিত দাস ও বর্ণী ইউপির ব্যবসায়ী কামরুল ইসলাম জানান, কালভার্টটি অনেক পুরাতন, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় যানবাহন চলাচল করছে। বৃহস্পতিবার বালু ভর্ত্তি ট্রাক কালভার্টটি ভেঙ্গে ফেলেছে। এক জায়গায় বড় গর্ত ও অন্যান্য জায়গায় ফাটল দেখা দিয়েছে। এতে যান চলাচল বন্ধ হওয়ায় গত ৫ দিন ধরে জনসাধারণ চরম দূর্ভোগ পোয়াচ্ছেন। কিন্তু তা মেরামতে কেউই উদ্যোগী হচ্ছেন না। তারা দ্রুত কালভার্টটি মেরামত ও নতুন একটি কালভার্ট নির্মাণের দাবী জানান।
উপজেলা প্রকৌশলী সামছুল হক ভুইয়া জানান, কালভার্ট ভেঙ্গে যাওয়ার খবর তিনি সোমবার দুপুরে জেনেছেন। আপাতত চলাচলের জন্য তা জরুরী ভিত্তিতে মেরামতের উদ্যোগ নিচ্ছেন। পরবর্তীতে এডিপি প্রকল্পের আওতায় নতুন কালভার্ট নির্মাণের ব্যবস্থা নিবেন।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী মুঠো ফোনে জানিয়েছেন, কালভার্ট ভেঙ্গে যাওয়ার খবর পেয়েছি। জনসাধারণের দূর্ভোগ লাগবে দ্রুত মেরামতের কাজ শুরু করা হবে।
Sylhetnewsbd Online News Paper