বড়লেখায় ৩ ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা

মস্তফা উদ্দিন,বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় জীবন রক্ষাকারী ওষুধ নির্দিষ্ট তাপমাত্রায় না রেখে বেশী তাপমাত্রায় সংরক্ষণ ও অনুমোদনহীন (আনরেজিস্টার্ড) ওষুধ রাখায় ৩টি ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। অভিযানে সহায়তা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের ওষুধ তত্তাবধায়ক সিরাজুম মনিরা।

উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী বাজারের মিতা ফার্মেসি,এনসি ফার্মেসি ও অভিষেক ফার্মেসিকে ঐ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার কাঠালতলী বাজারের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।ওষুধের দোকানগুলোতে যথাযথ তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করা, অনুমোদনহীন ওষুধ সংরক্ষণ, ড্রাগ লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এই অপরাধে ১৯৪০ সালের ওষুধ আইনে প্রতিষ্ঠানগুলো ১৫ হাজার টাকা জরিমানা ও অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়েছে।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী বিকেলে বলেন,তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি তাদেরকে সর্তক করে দেওয়া হয়েছে। জনসার্থে আমাদের এই ধরণের অভিযান চলবে।