উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদের নামে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদের নামে ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচারের অভিযোগে জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আহমদ গত বুধবার রাতে থানায় জিডি করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়, সুমন আহমদ গত বুধবার সকাল ১১টার দিকে নিজের ফেসবুক খুলে দেখেন,’আব্দুল হালিম’ নামের আইডি থেকে বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিনকে জড়িয়ে নানা রকম মিথ্যা ও মানহানিকর লেখা ও ছবি প্রচার করা হয়েছে। এছাড়া একই দিন,জিয়াউর রাহমান,ফাহমিদা হাসান ডলি’ রিপন দে এবং বিয়ানীবাজার নিউজ টুয়েন্টিফোর ডট কম, দিলিপ দে সহ কিছু ভুয়া ফেসবুক আইডিতে সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় উপজেলা চেয়ারম্যান ও আজির উদ্দিনের ছবি সংযুক্ত করে উপজেলা চেয়ারম্যানের নামে বিভিন্ন প্রকার কুরুচিপূর্ণ মিথ্যা অপবাদ প্রচার করা হয়েছে। এতে তার সম্মানহানি হয়েছে।

জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আহমদ বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কর্তৃক দক্ষিণভাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে লাঞ্ছিত করা হয়েছে বলে বিভিন্ন ভুয়া আইডিতে পোস্ট ও দুই একটি অনলাইন পোর্টালে নিউজ করা হয়েছে। কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি। একটি কুচক্রি মহল উপজেলা চেয়ারম্যানের সম্মান হানি ঘটাতে ভুয়া আইডিতে পোস্ট করে এবং কোন একটি মহলের প্ররোচনায় কতিপয় সাংবাদিক নামদারি ব্যক্তি উপজেলা চেয়ারম্যানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় মিথ্যা নিউজ করেছে। এ ঘটনায় আওয়ামী লীগ পরিবার ও আমি বিব্রতবোধ করছি। তাই থানায় জিডি করেছি। সন্দেহভাজনের তথ্যও পুলিশকে দিয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করছেন।

জিডির বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস শুক্রবার রাতে বলেন,তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্হা গ্রহণ করা হচ্ছে।