শিশু জন্ম নিবন্ধনে জেলার মধ্যে শীর্ষস্থান বড়লেখার

মস্তফা উদ্দিন: মৌলভীবাজার জেলায় শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধনে সাফল্য অর্জন করেছে বড়লেখা উপজেলা। নিবন্ধনে বিশেষ অবদান রাখায় সন্মাননা স্মারক পেয়েছেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী।

২০২১-২০২২ অর্থবছরে মৌলভীবাজার জেলায় জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধনে বড়লেখা উপজেলা শীর্ষস্থান অর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন,মৌলভীবাজারের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মল্লিকা দে।

নিবন্ধনে বিশেষ অবদানের জন্য উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীকে গত মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে রেজিস্ট্রার জেনারেল, জন্ম ও মৃত্যু নিবন্ধন মির্জা তারিক হিকমত ও জেলা প্রশাসক মির নাহিদ আহসান সম্মাননা স্মারক তুলে দেন। এসময় বড়লেখা উপজেলার ১০ ইউপি চেয়ারম্যান ও পৌরমেয়র উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ইউএনও খন্দকার মুদাছির বিন আলী জানান, জন্ম-মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। এটিকে কার্যকর ও সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহী করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন জেলা প্রশাসন। নিবন্ধনে সকলকে উৎসাহী করতে স্থানীয় জন প্রতিনিধি, সচিববৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে প্রতিটি ইউনিয়নে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধনে জেলায় প্রথম স্থান অর্জন করা সম্ভব হয়েছে। এ অর্জনকে ধরে রাখতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। এই স্বীকৃতি আগামী দিনগুলোতে কর্মপ্রেরণার উৎস হিসাবে কাজ করবে।