সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটের সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা ১৪টি ট্রাকে ভারতীয় চিনির সবচেয়ে বড় চালান জব্দের ঘটনার পর পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। শুক্রবার (৭জুন) পুলিশ বাদী হয়ে জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয়।
শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে জালালাবাদ থানাধীন শিবেরবাজার এলাকার উমাইরগাঁও-এর রাস্তায় ভাদেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ভারতীয় চোরাই চিনিভর্তি ১৪টি ট্রাক জব্দ করে জালালাবাদ থানাপুলিশ।
এসময় একটি মোটরসাইল (সিলেট মেট্রো-ল-১২-২৭৪৯) ও একটি প্রাইভেট কার (সিলেট-গ-১১-০৮৯৫) ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়। অভিযানে নেতৃত্ব দেন এসএমপি’র উপ-কমিশনার (উত্তর) আজবাহর আলী শেখ (পিপিএম)।
এ চালান সিলেট জেলার কোম্পানীগঞ্জ এলাকাস্থ ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে সেগুলো ১৪টি ট্রাকে ভরে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেয় চোরাকারবারিরা।
জব্দকৃত ১৪টি ট্রাকে ২ হাজার ১১৪ বস্তা ভারতীয় চিনি ছিলো। প্রতি বস্তায় ছিলো ৫০ কেজি করে। এ হিসাবে ১ লাখ ৫ হাজার ৭০০ কেজি ভারতীয় চিনি ছিলো ১৪টি ট্রাকে। যার বাজারদর ১ কোটি ৬৭ লক্ষ ১২ হাজার টাকা।
এ বিষয়ে পরবর্তীতে জালালাবাদ থানার এসআই মো. সালাহ্ উদ্দিন বাদী হয়ে মামলা (নং-৫/৮৪) দায়ের করেন। তবে এখন পর্যন্ত কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি পুলিশ।
এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি’র) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
Sylhetnewsbd Online News Paper