আদালতে জবানবন্দি দিয়েছে বদরুল

সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বদরুল আলম। বুধবার(০৫ অক্টোবর) বিকেলে সিলেট অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম উম্মে সরাবন তহুরার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে।

আদালতের বরাত দিয়ে সহকারি কমিশনার (প্রসিকিউশন) তৌহিদুল ইসলাম জানান, বদরুল আদালতে খাদিজা বেগম নার্গিসকে কোপানোর দায় স্বীকার করেছে।

এর আগে শাহপরান থানায় বদরুল প্রাথমিক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, কথিত প্রেমিক বদরুলের ধারালো অস্ত্রের আঘাতে সোমবার বিকেলে গুরুতর আহত হওয়া সিলেট মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিস (২৩) ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।