বিএসএমএমইউর মেডিক্যাল টিম যাচ্ছে কক্সবাজার

সিলেট নিউজ বিডি ডেস্ক: মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গাদের চিকিত্সাসেবা দেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এ লক্ষ্যে ৫০ সদস্যের একটি মেডিক্যাল টিম আজ বুধবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে ঢাকা থেকে রওনা দেবে।

এ মেডিক্যাল টিমের নেতৃত্ব দিচ্ছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
আগামীকাল বৃহস্পতি ও শুক্রবার সেখানে চিকিত্সাসেবা দেওয়ার পাশাপাশি দেওয়া হবে প্রয়োজনীয় ওষুধপত্র, শিশুদের শুকনো খাবার।

জানা গেছে, এ মেডিক্যাল টিমে ২০ জন অধ্যাপক, সহকারী ও সহযোগী অধ্যাপক, ১৫ জন কনসালট্যান্ট, মেডিক্যাল অফিসার ও আবাসিক চিকিত্সক এবং ১৫ জন নার্স, টেকনোলজিস্ট ও সহায়তাকারী কর্মচারী থাকবেন। উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ডিন, রেজিস্ট্রার, প্রক্টরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন বিভাগের কয়েকজন চেয়ারম্যান মেডিক্যাল টিমের সঙ্গে যাবেন। ডেন্টাল, ইন্টারনাল মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, জেনারেল, শিশু, অর্থোপেডিক সার্জারি, কার্ডিওলজি, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, নাক, কান, গলাসহ বিভিন্ন বিভাগের প্রায় ৫০ জন চিকিত্সক সরাসরি চিকিত্সা কার্যক্রমে অংশ নেবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, ‘আমরা মানবিক কারণে আমাদের দায়িত্ব বোধের অংশ থেকেই এই উদ্যোগ নিয়েছি। নির্যাতিত এসব রোহিঙ্গার উন্নত চিকিত্সার প্রয়োজন হলে বিএসএমএমইউতে তাদের বিনা মূল্যে চিকিত্সার ব্যবস্থা করা হবে। ’