যশোরের জঙ্গি আস্তানায় সোয়াট, বম্ব ডিসপোজাল ইউনিট

সিলেট নিউজ বিডি ডেস্ক: যশোরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে সোয়াট টিম, কাউন্টার টেররিজম ইউনিট ও বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার আনিসুর রহমান। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এর আগে শহরের ঘোপ নওয়াপাড়া রোডে মসজিদপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটি ঘিরে রাখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সোয়াটের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার রাত ১০টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়।

এ ব্যাপারে পুলিশ সুপার বলেন, ‘জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ওই বাড়িতে সোয়াট, কাউন্টার টেররিজম ইউনিট ও বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা অবস্থান নিয়েছেন। ‘

তিনি জানান, চারতলা ভবনের আট ইউনিটের মধ্যে সাত ইউনিটের বাসিন্দাদের সরিয়ে আনা হয়েছে। দ্বিতীয় তলার ওই ইউনিটে তিন শিশু রয়েছে। এ কারণে তাদের আত্মসমর্পণ করার আহ্বান জানানো হবে। এতে তারা যদি আত্মসমর্পণ না করে তাহলে অভিযান চালানো হবে।