খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল

সিলেট নিউজ বিডি ডেস্ক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে জেলা স্বেচ্ছাসেবক দল ও যুবদলের উদ্যোগে আলাদা বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের ঝিলটুলী এলাকার অম্বিকা ময়দান থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মুজিব সড়ক হয়ে শহরের জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।

এদিকে বেলা ১১টায় জেলা যুবদলের নেতাকর্মীরা শহরের জনতা ব্যাংকের মোড় থেকে আলাদা একটি বিক্ষেভ মিছিল বের করে। মিছিলটি মুজিব সড়ক হয়ে হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন।

বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়া বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান।