অ্যাওয়ার্ড অর্জন করায় নীলফামারী পৌর মেয়রকে সংবর্ধনা

সিলেট নিউজ বিডি ডেস্ক: নীলফামারী পৌরসভা দেশের চ্যাম্পিয়ন সিটি ২০১৭ অ্যাওয়ার্ড অর্জন করায় পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা শহরের পৌর সুপার মার্কেটের সামনে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ পৌরবাসী।

সংবর্ধনা আয়োজক কমিটির আহ্বায়ক এস এম শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারীক রেজা, আরবান গভরনেন্স অ্যা- ইনফ্রাসটাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (ইউজিআইআইপি ৩) আঞ্চলিক পরিচালক অখিল রঞ্জন বিশ্বাস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ, পৌরসভার প্যানেল মেয়র ঈসা আলী, কাউন্সিলর বাদশা আলমগীর, গোলাম কিবরিয়া ও নগর সমন্বয় কমিটির সদস্য মমতাজ উদ্দিন আহমেদ।

এর আগে একটি আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষীণ করে। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়।

বেলা ১১টার দিকে পৌর মেয়র বিমান যোগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে সেখানে সৈয়দপুর উপজেলার বিশিষ্টজনরা তাকে সংর্বধনা জানান। সেখান থেকে নীলফামারী পৌঁছার পথে শহরের প্রবেশদ্বারে মশিউর রহমান কলেজের সামনে এবং মাধার মোড়ে সংবর্ধনা জানান পৌরসভার সাধারণ নাগরিকরা।

বিশ্ব ব্যাংকের প্রকল্পে নীলফামারী পৌরসভা দেশসেরা ‘চ্যাম্পিয়ন সিটি অ্যাওয়ার্ড ২০১৭’ অর্জন করায় গত ২৯ অক্টোবর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান মেয়র দেওয়ান কামাল আহমেদের হাতে ক্রেস্ট তুলে দেন।