মোংলা ও দুবলার চরে শেষ হলো রাসমেলা

সিলেট নিউজ বিডি ডেস্ক: রাতভর পূজা-অর্চনা আর সকালে সমুদ্রের নোনা জলে পূণ্যস্নানের মধ্যে দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের তিন দিনব্যাপী রাস উৎসব।

ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা বা রাস উৎসব ঘিরে মোংলার কানাইনগর সার্বজনীন গোবিন্দর মন্দিরে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও দর্শনার্থীসহ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার হাজার লোকের সমাগম ঘটে।
দল বেঁধে নারী-পূরুষসহ সবাই মিলে পূণ্য লাভের আশায় সমুদ্র থেকে আসা নোনা পানিতে স্নানে মিলিত হয়। এ উপলক্ষে মেলাসহ মন্দির চত্বরে নানা আনুষ্ঠানের আয়োজন করা হয়। নানা পণ্যের স্টল বসে মেলা চত্বরে।
এদিকে, সাগরের নোনা পানিতে পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে সুন্দরবনের দুবলার চরের রাস উৎসব। বৃহস্পতিবার থেকে সাগরপাড়ের দুবলার চরের আলোরকোল হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এ রাস উৎসব ঘিরে মেলা শুরু হলেও রাস পূর্ণিমার তিথি অনুযায়ী মূলত মেলা উদ্বোধন করা হয় শুক্রবার সন্ধ্যায়।

এরপর ধর্মীয় রীতি-নীতি অনুযায়ী পূজা-অর্চনাসহ সকল আনুষ্ঠানিকতা শেষে আজ শনিবার ভোরে সূর্য ওঠার সাথে সাথে সাগরে স্নানের মধ্য দিয়ে শেষ হয় এ রাস উৎসব। স্নান শেষ করেই তীর্থযাত্রী ও দর্শনার্থীরা তাদের গন্তব্যে ফিরতে শুরু করেন।

উল্লেখ্য, প্রায় ২০০ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতিবছরের বাংলা কার্তিক মাসের শেষে বা অগ্রহায়ণের প্রথম দিকে ভরা পূর্ণিমার তিথিতে এ রাস উৎসব উদযাপিত হয়ে আসছে। হিন্দু ধর্মালম্বীরা এ সময় পূর্ণিমার জোয়ারের নোনা জলে স্নান করে তাদের পাপমোচন হবে- এমন বিশ্বাস নিয়ে রাস উৎসবে যোগ দিয়ে থাকেন।