বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ উইনেস্কো স্বীকৃতি দেওয়ায় সিলেটে শোভাযাত্রা

সিলেট নিউজ বিডি ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ঐতিহাসিক দলিলের স্বীকৃতি পাওয়ায় শনিবার সারাদেশে আনন্দ শোভাযাত্রার আয়োজন করেন সরকারি কর্মকর্তারা। সেই উপলক্ষে সিলেটেও শনিবার সকালে ১০টায় এ কর্মসূচি পালন করা হয়েছে।

সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি প্রথমে ঐতিহাসিক রেজিস্টারি মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শিক্ষা-যোগাযোগসহ সকল সরকারি দফতরের কর্মকর্তারা এসময় পুস্পস্থবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও।

এরপর ১১টায় বের হয় আনন্দ শোভাযাত্রা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রাটি নগরীর কিনব্রিজ মোড়, সিটি পয়েন্ট, কোর্ট পয়েন্ট অতিক্রম করে জিন্দাবাজার হয়ে চৌহাট্টায় গিয়ে শেষ হয়।

সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলা ও বিভিন্ন উপজেলায়ও স্বত:স্ফুর্তভাবে আনন্দ শোভাযাত্রা বের হয়।