সিলেট নিউজ বিডি ডেস্ক: আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই গোপালগঞ্জে ইকোনমিক জোন গড়ে তোলা হবে। আজ রবিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়াস্থ এ্যাডভান্স জামান সেন্টারে এনআরবি ব্যাংকের ৩৪তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইকোনমিক জোনের জন্য নতুন শিল্প কলকারখানা স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। এটি হলে হাজার-হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি এ অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।
শেখ সেলিম বলেন, বাংলাদেশে এখন অর্থনীতির গতি সঞ্চারিত হয়েছে। প্রবাসে যারা ব্যবসা করেন, তারা আশার আলো দেখেছেন বলেই এনআরআই ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে। এ ব্যাংকের শাখা বাড়ছে।
অপশক্তিরা ক্ষমতায় গিয়ে অর্থনৈতিক মেরুদণ্ডকে ধ্বংস করে দিয়েছিল বলেও শেখ সেলিম উল্লেখ করেন।
এর আগে তিনি ফিতা কেটে এনআরবি ব্যাংকের ৩৪তম শাখার উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ মেহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাইম ও গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper