বড়লেখায় তুলার গোদামে অগ্নিকান্ড, ১৫ লক্ষ টাকার ক্ষতি

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: বড়লেখায় মসুদ আলী ট্রেড সেন্টারের পাশে একটি তুলার গোদামে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। শুক্রবার(২৯ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে বড়লেখা পৌরশহরে মসুদ আলী ট্রেড সেন্টারের দক্ষিণ পাশের জমির উদ্দিনের তুলার গোদামে এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার(২৯ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে মৌলভী বাজারের বড়লেখা উপজেলা, পৌর শহরের মসুদ আলী ট্রেড সেন্টারের দক্ষিণ পাশের জমির উদ্দিনের টিনশেডের তুলার গোদামের ভেতরে আগুন জ্বলতে দেখেন পাশের ব্যবসায়ীরা। এসময় গোদাম বন্ধ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সহায়তায় প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তবে এর আগেই গোদামের সকল মালামাল পুড়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অগ্নিকান্ডে একটি তুলা ধুনা মেশিন সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে।

গোদামের মালিক জমির উদ্দিন বলেন, আড়াইটার দিকে এক কর্মচারী আগুন জ্বলতে দেখেন। এসময় গোদাম বন্ধ ছিল। বিদ্যুতের মেইন সুইচও বন্ধ ছিল। কেউ হয়তো সিগারেট খেয়ে গোদামে ফেলে দিয়েছিল। এ জন্য আগুন ধরেছে। কয়েকদিন আগে নতুন চার গাড়ি তুলা এনেছি। ঘরে আরও তুলা ও মালামাল ছিল। সব মিলিয়ে ১৫ লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি হবে।

বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করেন। আগুনের সূত্রপাতের বিষয়ে কিছু বলা যাচ্ছে না। সব মালামাল পুড়ে গেছে। প্রায় দুই ঘন্টা লেগেছে আগুন নেভাতে।