সিলেটে ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় গ্রেফতার ৪

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটের টিলাগড়ে ছাত্রলীগ কর্মী তানিম খান(২৫) খুনের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার(০৮ জানুয়ারি) মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আওয়ামী লীগের রনজিত গ্রুপের অনুসারী ছাত্রলীগ কর্মী ‘ফাইটার’ খ্যাত জয়নাল আবেদীন ডায়মন্ড, রুহেল আহমদ, জাকির আহমদ ও সৈয়দ আবিদ আহমদ।

এছাড়া ঐদিন ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে টিলাগড় এলাকার একটি বাসা থেকে ডায়মন্ডকে গ্রেফতার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খুনের ঘটনায় জড়িত সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, অভ্যন্তরীণ কোন্দলের জেরে রবিবার(০৭জানুয়ারী) রাতে টিলাগড় পয়েন্ট প্রতিপক্ষের নেতাকর্মীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তানিম। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত ছাত্রলীগকর্মী তানিম সিলেট সরকারি কলেজের ডিগ্রি পাস কোর্সের ছাত্র ও টিলাগড় এলাকার ছাত্রলীগকর্মী। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলায় ভুরুঙ্গা এলাকার ইসরাইল খানের ছেলে।