মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: বড়লেখায় একটি আবাসিক হোটেল থেকে এক কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে বড়লেখা থানা পুলিশ। ওই ব্যবসায়ীর নাম রেজাউল করিম মোল্লা(৬৫)।
সোমবার(৮ জানুয়ারি) দুপুর ১ ঘটিকায় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পৌর শহরের আল আমিন আবাসিক হোটেলের এক নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ফরিদপুর জেলার মধুখালি পৌরসভার গোনদারদিয়া এলাকার মৃত সুলেমান মোল্লার ছেলে।
রবিবার (৭ জানুয়ারি) রাতের খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। সোমবার(৮ জানুয়ারি) সকাল বেলায় ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় আনুমানিক ৯টার দিকে হোটেলের ম্যানেজার মো. নূর ইসলাম দরজার সামনে গিয়ে তাকে ডাকাডাকি করেন। রুমের ভিতর থেকে সাড়া না পেয়ে তিনি স্থানীয় কাউন্সিলর ও পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে পুলিশ এসে এক নম্বর কক্ষের দরজা ভেঙে খাটের ওপর থেকে রেজাউল করিম মোল্লার মৃত লাশ উদ্ধার করে।
হোটেল ম্যানেজার নুর ইসলামের কাছ থেকে জানাযায়, রেজাউল করিম মোল্লা পেশায় এক জন কাপড় ব্যবসায়ী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুর জেলার, মধুখালী পৌরসভার গোনদারদিয়া এলাকার মৃত সুলেমান মোল্লার ছেলে। রেজাউল করিম মোল্লা প্রায় চার মাস থেকে বড়লেখা উপজেলায় ফেরি করে কাপড় বিক্রি করতেন। তিনি আল আমিন হোটেলের এক নম্বর কক্ষে ভাড়া নিয়ে থাকতেন।
পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে দুপুর আড়াইটার দিকে লাশ থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে বড়লেখা থানার উপ-পরিদর্শক(এসআই) শরীফ উদ্দিন বলেন, ভেতর থেকে দরজা লাগানো ছিল। দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।
রেজাউল করিম মোল্লা গ্রামের বাড়িতে খবর পাঠানো হয়েছে। পরিবারের লোকজন আসলে লাশ হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
Sylhetnewsbd Online News Paper