বড়লেখায় ডাক্তারের বাসায় হামলা,থানায় অভিযোগ ও মানববন্ধন

সিলেট নিউজ বিডি ডেস্কঃ বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজারে ভূয়া ডাক্তার নিয়ে দীর্ঘদিন যাবত নানা গুজব শুনা যায়। সম্প্রতি ঘটে গেল ফেইসবুকে লেখালেখির জের ধরে ডাঃ রেজাউল করিমের বাসায় হামলা। অত:পর ডাঃ মোঃ রেজাউল করিমের স্ত্রী কর্তৃক থানায় অভিযোগ দায়ের। অপরদিকে সচেতন যুব পরিষদ কর্তৃক মানববন্ধন। এ নিয়ে আমাদের অনুসন্ধানী প্রতিবেদন তৈরী করেছেন মোস্তফা উদ্দিন।

গত শুক্রবার(২ ফেব্রুয়ারী) রাতে চাঁদা না পেয়ে ডাক্তার মোঃ রেজাউল করিমের বাসায় সন্ত্রাসীদের হামলার ঘটনায় শাহবাজপুরে ভূয়া ডাক্তার নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এ ব্যাপারে ডাঃ মোঃ রেজাউল করিমের স্ত্রী নুরজাহান বেগম বড়লেখা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে নুরজাহান বেগম বলেন, আমার স্বামী ডাঃ মোঃ রেজাউল করিম ইউনানী, আয়ুর্বেদিক, অলটানেটিভ মেডিসিন এমবিবিএস(এ.এম) ডাক্তার। তিনি বাসার মধ্যে চেম্বার করে রোগী দেখেন। বিবাদীরা প্রায় সময় আমার স্বামীর কাছে টাকা চাদা দাবী করে। আমার স্বামী তাদেরকে কোন রকম টাকা পয়সা না দিয়া স্থানীয় মুরব্বীদের কাছে বিচার প্রার্থী হন। বিবাদীগণের বিরুদ্ধে বিচারপ্রার্থী হওয়ার আক্রোশে আমার স্বামীকে প্রাণে হত্যার সুযোগ খুঁজে আসছে। বর্ণিত ঘটনার দিন ০২/০২/২০১৮ ইং তারিখে আনুমানিক রাত ৮ ঘটিকার সময় হকিস্টিক, ছুরি, ডেগার, চায়নিচ কুড়াল ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়া আমার বাসায় অনধিকার প্রবেশ করে আমার উপর হামলা চালায় এবং শ্লীলতাহানি করে। ঘরের আসবাবপত্র ভাংচুর করে ৮০/৯০ হাজার টাকার ক্ষতিসাধন করে। বিবাদীরা নগদসহ প্রায় ২ লক্ষ টাকার জিনিসপত্র লুট করে নিয়া যায়।

সরেজমীন অনুসন্ধানে জানা যায়, শাহবাজপুর বাজারে প্রায় অর্ধ ডজন ডাক্তার রয়েছেন। ইতিপূর্বে অনেকের বিরুদ্ধে ভূয়া ডাক্তার হিসাবে অভিযোগ উঠেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে তদন্তও হয়েছে। সুনিদৃষ্ট কোন পদক্ষেপ গ্রহণ না করায় তারা চিকিৎসা নির্দিধায় চালিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে ভূয়া ডাক্তার কারা তা প্রমাণিত হয়নি ফলে ক্ষতিপয় মহল এ সুবাধে ভূয়া ডাক্তারের অজুহাতে বিভিন্ন সময়ে প্রকৃত ডক্তারদের নিকট চাঁদা দাবী করে থাকে বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে ডাঃ মোঃ রেজাউল করিম বলেন, আমি শ্রীহট্র সংস্কৃত কলেজ আয়ুর্বেদ বিভাগ সিলেট থেকে সাড়ে ৪ বছরের ডিএএমএস ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক মেডিসিন এন্ড সার্জারীতে ডিগ্রী অর্জন করে বাংলাদেশ সরকারের ইউনানী ও আয়ূর্বেদিক বোর্ড হতে এ ক্যাটাগরী চিকিৎসক নিবন্ধন পেয়েছি। যার নিবন্ধন নং এ ৮৭৭। কলকাতা অলটারনেটিভ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস(এএম) ডিগ্রী অর্জন করে বাংলাদেশে অলটারনেটিভ ডক্টরস সোসাইটির সদস্য হই যার রেজি নং এস ৯১৮৫/০৯ এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক হোমিও আয়ুর্বেদিক কর্মকর্তাদের স্ব স্ব নামের পূর্বে ডাঃ শব্দটি সংযোজিত হওয়ার কাগজ দেখান তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রনালয় কর্তৃক পেশাগত দায়িত্ব পালনে আইন প্রয়োগকারী সংস্থার হয়রানি না করা, স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় কর্তৃক পেশাগত দায়িত্ব পালনের অনুমতি প্রদান, সহ হাই কোর্টের রায়ের ভিত্তিতে চিকিৎসক হিসাবে বৈধবাবে জনসাধারণকে সেবা প্রদান করছেন বলে তিনি জানান।

তিনি বলেন, কতিপয় কুচক্রী মহল আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে ও প্রায় সময় বিভিন্ন সংস্থার নামে চাঁদা দাবী করে আসছে, আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমার উপর ক্ষিপ্ত হয়ে ফেইসবুকে আমাকে গালিগালাজ করে। আমার পেশাগত ছবি দিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ কথাবার্তা লিখে। অবশেষে রোগী দেখার কথা বলে আমাকে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে শারীরিক লাঞ্চিত করে ও অশালীন ভাষায় গালিগালাজ করে এবং অপরপক্ষ পরিকল্পিতভাবে আমার বাসায় হামলা করে আমার স্ত্রীর শ্লীলতাহানিসহ আর্থিক ক্ষতি সাধন করে। আমার স্ত্রী এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন। অভিযোগের তদন্ত চলছে।

এ ব্যাপারে শাহবাজপুর পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে।

এ ব্যাপারে বড়লেখা থানার অফিসার ইনচার্জ শাহিদুর রহমান বলেন, বাদী ডাঃ রেজাউল করিমের স্ত্রী নুরজাহান বেগম অভিযোগ করেছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

অপরদিকে বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজারে দীর্ঘদিন যাবত ভূয়া ডাক্তার বিরোধী আন্দোলন করছে অনিবন্ধিত সংগঠন ‘সচেতন যুব পরিষদ,শাহবাজপুর।এরই সূত্র ধরে গত ৯ ফেব্রুয়ারী শুক্রবার বিকেল ৫ টায় স্থানীয় শাহবাজপুর বাজারে একটি মানববন্ধন করে তারা। মানববন্ধনে বক্তারা ভূয়া ডিগ্রীধারী ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান।

উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন বলেন, ফেইসবুকে লেখা নিয়ে ডাঃ রেজাউল করিমের তর্কাতর্কি হয়েছে বলে জেনেছি। আমি উনাদেরকে নিয়ে আলোচনা করবো এবং বিষয়টি খতিয়ে দেখব তবে আদৌ ভূয়া ডাক্তার কিনা এ ব্যাপারে তিনি বলেন এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়।