স্থগিত ঢাকা উত্তর সিটি নির্বাচন: রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ

সিলেট নিউজ বিডি ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং দক্ষিণ সিটি করপোরেশনসহ (ডিএসসিসি) দুই সিটি করপোরেশনে নতুন যুক্ত ওয়ার্ড গুলোয় নির্বাচন প্রশ্নে দেওয়া রুল দ্রুত সময়ের মধ্যে হাইকোর্টে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

ওই নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে ইসির করা পৃথক তিনটি লিভ টু আপিল নিষ্পত্তি করে এ আদেশ দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ আজ রোববার এ আদেশ দেন।

বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে। আইনজীবীরা বলছেন, এই নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত হয়নি। ফলে নির্বাচন স্থগিত থাকছে। রুলের চূড়ান্ত নিষ্পত্তির মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে।

আদালতে ইসির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল ও তৌহিদুল ইসলাম। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান খান। ইসির আবেদনে পক্ষভুক্ত হওয়া বিএনপি প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবউদ্দিন খোকন।