দুর্বলতা ঢাকতেই উন্নয়নের মিছিল: বিএনপি

সিলেট নিউজ বিডি ডেস্কঃ দুর্বলতা ঢাকতে উন্নয়নের মিছিল করা হচ্ছে বলে মন্তব্য করে বিএনপি’র শীর্ষ নেতারা বলেছেন, আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীদের উন্নয়ন হলেও দেশ ও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। জিয়া শিশুপার্কের নাম পরিবর্তনের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, জিয়াউর রহমানকে এভাবে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। বৃহস্পতিবার সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এ মন্তব্য করেন।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, এটা উন্নয়নের নমুনা হতে পারে না। আজকে যে উন্নয়নশীল দেশের কথা বলছেন। আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক যে নিম্নহারে সুদ দিত। এখন বাজার দরে সুদ নিতে হবে। অর্থাৎ বাজারে প্রতিযোগিতা করে ঋণ নিতে হবে। আমাদের স্ট্যাটাস অনুযায়ী বিনা শুল্কে প্রবেশ অধিকার ছিল ইইউতে। সেটাও হাতছাড়া হয়ে যাবে। আর আমেরিকায় তো বন্ধ হয়ে গেছে অনেক আগেই। সব মিলিয়ে উন্নয়নের পরিস্থিতি ভয়ংকর। এই মুহূর্তে এশিয়ার মধ্যে সবচেয়ে বৈষম্য বেশি বাংলাদেশে। অর্থাৎ গরীব ভয়ংকরভাবে গরীব হচ্ছে। বড় লোক বড় লোক হচ্ছে। এটা উন্নয়নের নমুনা।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মাঝে মাঝে জনগণকে চমক দেখানোর চেষ্টা করেন। কিন্তু হাড় কঙ্কালসার যুবতীকে মেকআপ দিয়ে তাকে দেখালে যে অবস্থা হয়, ঠিক সেই অবস্থা বাংলাদেশের অর্থনীতির। এই দেশের গণতন্ত্রের নামে জনগণের টাকা লুটপাট করা হচ্ছে। শেখ হাসিনা রাষ্ট্রীয় খরচে বিভিন্ন সভা সমাবেশ করছেন। সরকারি কর্মচারীদের যেভাবে ব্যবহার করা হচ্ছে।

রিজভী বলেন, সরকারের আজকের কর্মসূচী এক বিকৃত তামাশা। গোটা ঢাকা শহরের রাস্তা ঘাট অচল হয়ে গেছে। জনগণ হয়ে গেছে সম্পূর্ণ স্তব্ধ। ঘণ্টার পর ঘণ্টা মানুষ রাস্তায় আটকা পরে আছে। সরকার বলছে জনদুর্ভোগ তৈরি হয় এমন কোন কোন কর্মসূচী করতে দেয়া হবে না। অথচ উলটো সরকারই জনদুর্ভোগ তৈরি করছে। সত্যি আমরা আজব দেশে বাস করছি। শামসুর রহমানের একটা কবিতা মনে পরে যায় আজব দেশের ধন্য রাজা দেশ জোড়া তার নাম। বসলে বলে হাঁটরে তোরা। হাঁটলে বলে থাম থাম থাম। এই হলো পরিস্থিতি।

এ সময় তিনি আরও বলেন, যতই ষড়যন্ত্র চলুক না কেন খালেদা জিয়াকে কারাগারে রেখে কোন নির্বাচন হবে না। খালেদা জিয়াকে ছাড়া দেশে কোন নির্বাচন হবে না। যদি কোন ষড়যন্ত্র করেন এই দেশের জনগণ বুকের রক্ত দিয়ে প্রতিরোধ করবে।

রিজভী বলেন, এই দেশের কোমলমতি শিশুদের জন্যে যে শিশু পার্ক করেছিলেন জিয়াউর রহমান। এটি করে সারা দেশের মানুষের কাছে তিনি অভিনন্দিত হয়েছিলেন। আর সেখান থেকেই তার প্রতিষ্ঠাতাকে মুছে ফেলা হচ্ছে।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের দুর্বলতা কতটা নিচে নেমে গেছে যে, ক্ষমতায় টিকে থাকতে তাদের এখন উন্নয়নের মিছিল করা লাগছে। মানুষ কি এতোটাই বোকা আছে যে আপনারা উন্নয়নের মিছিল করবেন আর জনগণ তা মেনে গিলবে।

বাংলাদেশের কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করে তিনি বলেন, ক্ষমতার নিরাপত্তাহীনতা থেকে উন্নয়নের মিছিল করছে আর নৌকায় ভোট চাচ্ছে। উন্নয়নটা কাদের হয়েছে, তাদের হয়েছে। তাদের দলের হয়েছে। বাংলাদেশের কোনো উন্নয়ন নেই। সাধারণ জনগণের কোনো উন্নয়ন হয়নি। বরং তাদের জীবনযাত্রার মান নিচে নেমে গেছে। কমে গেছে মানুষের ক্রয়ক্ষমতা।