হত্যার উদ্দেশ্যে জাফর ইকবালের ওপর হামলা চালিয়েছিলাম: আদালতে ফয়জুল

সিলেট নিউজ বিডি ডেস্কঃ হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালিয়েছিলো ফয়জুল হাসান। ১৬৪ ধারায় এমনটাই সে স্বীকার করেছে বলে সহকারি কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী জানিয়েছেন।

সে একাই এই পরিকল্পনা করে বলে আদালতে দাবি করে ফয়জুল। ১০ দিনের রিমান্ড শেষে রোববার দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয় ফয়জুল হাসানকে। সিএমএম আদালত তার জবানবন্দী লিপিবদ্ধ করার জন্য মহানগর হাকিম ৩য় আদালতে হাজিরের নির্দেশ দেন।

মহানগর হাকিম আদালতের বিচারক হরিদাস কুমার তিন ঘন্টা ফয়জুলের জবানবন্দী রেকর্ড করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

৩ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে ফজলুল ছুরি দিয়ে ড. জাফর ইকবালে মারাত্মক ভাবে জখম করে।