ছাতকের বুকারভাঙা-মানিকগঞ্জ সড়ক যেন মরণ ফাঁদ!

হেলাল আহমদ,ছাতক থেকে সিলেট নিউজ বিডি: ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের বুকারভাঙা-ভুইগাও-শেওলাপাড়া-ছেগাপাড়া-দরারপার-মনিপুর-সেনপুর-মুনিরজজ্ঞাতি-মানিকগঞ্জ বাজার সড়কটির বেহালদশা। সড়কের বিভিন্ন অংশে ছোট-বড় গর্ত আর অধিকাংশ ব্রিজের এ্যাপ্রোচের মাটি ধসে গিয়ে সড়কটি মানুষের মরণ ফাঁদে পরিণত হয়েছে। যেন দেখার কেউ নেই! সম্প্রতি এ সড়কটির বর্তমান অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে লেখা-লেখি করতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, খানা-খন্দকে ভরপুর বুকারভাঙা-মানিকগঞ্জ সড়ক দিয়ে মানিকগঞ্জ বাজার, ভুইগাঁও ইবতেদায়ী মাদরাসা, মুনিরজ্ঞাতি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাসহ এলাকার কয়েকহাজার লোকজন প্রত্যহ যাতায়াত করে থাকেন। ভাঙাচুরা এ সড়কটি সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন স্থানীয় এলাকাবাসী। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কেউই সড়কটি মেরামত করার জন্য এগিয়ে আসছেন না। অল্প বৃষ্টিতে সড়কের বিভিন্ন অংশে পানি ও কাদা জমে যাওয়ায় বর্তমানে এ সড়কটি মানুষের চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে।

বিশেষ করে এ রাস্তা দিয়ে প্রত্যহ যাতায়াত করতে গিয়ে সীমাহিন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় স্কুল-মাদরাসার শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের। স্থানীয়দের অভিযোগ, বার-বার নির্বাচিত এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য এই এলাকার জনগনের ভোটে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু বুকারভাঙা-মানিকগঞ্জের সড়কটির প্রতি আজো কোন জনপ্রতিনিধি নজর দেননি। স্থানীয়ভাবেও কেউ রাস্থাটির উন্নয়নে এগিয়ে আসছেন না। জনস্বার্থে দ্রুত এ রাস্থাটি সংস্কারের ব্যবস্থা গ্রহনে মাননীয় এমপি, উপজেলা চেয়ারম্যান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।