ট্রাফিক পুলিশসহ দু’জনের পা পিষিয়ে দিলো বাস

সিলেট নিউজ বিডি ডেস্ক: এবার রাজধানীতে এক ট্রাফির পুলিশসহ দুই ব্যক্তির পায়ের উপর দিয়ে বাস চালিয়ে দিলো বেপরোয়া চালক। বুধবার বিকেল ৫টার দিকে গুলিস্তানের সিটি সুপার মার্কেটের সামনের রাস্তার পাশ ধরে হাঁটার সময় আওলাদ নামের এক যুবকের পায়ের ওপর উঠে যায় একটি বাস। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আওলাদ পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় থাকেন। গুলিস্তানের জাকির সুপার মার্কেটে এ এম গার্মেন্টস নামে একটি রেডিমেড পোশাকের দোকান আছে তার।

তিনি জানান, দোকান থেকে বেরিয়ে রাস্তার পাশ ধরে একটি কাজে যাচ্ছিলেন তিনি। সিটি সুপার মার্কেটের সামনে পৌঁছালে বিআরটিসির একটি বাস হঠাৎ তার সামনে এসে বাঁ পায়ের ওপর দিয়ে চাকা উঠিয়ে দেয়।

ঢামেকের চিকিৎসকরা জানিয়েছেন, আওলাদের পায়ের এক্স-রে করে দেখা গেছে, তার বাঁ পায়ের পাতার চারটি আঙুল চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।

অন্যদিকে গত সোমবার সকালে রাজধানীর পলাশী মোড়ে দায়িত্ব পালনরত পুলিশের ট্রফিক ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেনের পা পিষে দেয় উল্টো পথের বাস। ট্রাফিক আইন অমান্য করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি বাস উল্টো পথে চলছিল। বাসটিকে পুলিশ থামানোর পর উল্টো পুলিশের সঙ্গে তর্কে জড়ায় চালক ও হেলপাররা। একপর্যায়ে চালক বাস চালিয়ে দ্রুত কেটে পড়ার চেষ্টা করলে চাকার নিচে লালবাগ জোনের ওই ট্রাফিক কর্মকর্তার পা চাপা পড়ে।

বাসটি আটক করা গেলেও পালিয়ে গেছে চালক নজরুল ইসলাম। মঙ্গলবার এবিষয়ে শাহবাগ থানায় মামলা হয়েছে।