সিলেট নিউজ বিডি ডেস্ক: প্রস্তাবিত বাজেট কোনো নির্বাচনী বাজেট নয়। এটা একটা জনবান্ধব বাজেট। আলোচনা-সমালোচনার পর বাজেটে কোনটা থাকবে, কোনটা থাকবে না সেটা দেখা যাবে। কথাগুলো বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার ০৮ জুন দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাট পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, এমন বড় বাজেট গতবারও ছিল। এ বাজেট বাস্তবায়ন সরকারের একটা চ্যালেঞ্জ। বুঝে বা না বুঝে বিএনপি সবসময়ই বিরোধী কথা বলে থাকে।
বড় বাজেট বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বড় চ্যালেঞ্জ অতিক্রম করার সৎ সাহস একমাত্র শেখ হাসিনার সরকারের রয়েছে।
এসময় ঈদুল ফিতরে যেন নিরাপদে মানুষ ঘরে ফিরতে পারে সে লক্ষ্যে মহাসড়কে যানজট কমাতেই শেখ হাসিনার নির্দেশে মেঘনা-গোমতির ফেরি সার্ভিস চালু করা হচ্ছে বলেও জানান সেতুমন্ত্রী।
তিনি বলেন, সরকার নানাভাবে চেষ্টা চালাচ্ছে যানজট নিয়ন্ত্রণে রাখতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মেঘনা ও গোমতি নদীতে ১২ জুন থেকে ফেরি চালু হতে যাচ্ছে। এ কারণে দ্রুত গতিতে রাস্তা ও নদীর ঘাট মেরামত করার কাজ চলছে। বরিশাল থেকে আনা হচ্ছে বিআইডব্লিউটিএ’র পন্টুন। ইতোমধ্যে গোমতি নদী খনন করার নির্দেশও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিভাগকে।
Sylhetnewsbd Online News Paper