সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট শহরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলার এ/১৯ নাম্বার বাসায় আগুনে পাঁচ পরিবারের সম্পদ জ্বলে পুড়ে ছাই হয়েছে। ১৮ জুন সোমবার রাত পৌনে ৯টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাত সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ওই বাসার মালিক সিলেট জেলা আইনজীবি সহকারী সমিতির সিনিয়র সদস্য তপু ঘোষ পিন্টুর ইউনিটসহ আরও চারটি ভাড়াটে পরিবারের একটি মোটরসাইকেলসহ সকল সম্পদ পুড়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সিলেট শহরের পল্লবী আবাসিক এলাকার তপু ঘোষ পিন্টুর বাসায় রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। প্রাণভয়ে বাসার লোকজন ঘর ছেড়ে বেরিয়ে আসেন। পরে আগুন পুরো টিনশেডের আধাপাকা বাসায় ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে বাসার সব মালামাল ছাই হয়ে গেছে।
বাসার মালিক সিলেট জেলা আইনজীবি সহকারী সমিতির সিনিয়র সদস্য তপু ঘোষ পিন্টু জানান- আমার বাসা সহ আমার ভাড়াটিয়াদের সকল ঘর জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। কোনো কিছু অক্ষত আর নেই। আমার বাসার সব কিছুও জ্বলে গেছে। আমার মক্কেলদের মামলা সংক্রান্ত সকল প্রকার কাগজপত্র জ্বলে পুড়ে ছাই হয়েছে।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিস সিলেটের সহকারী পরিচালক দিনমনি শর্মা বলেন, ওই আবাসিক এলাকার রাস্তা ছোট হওয়ায় ফায়ার সার্ভিসের দল বাসায় পৌঁছতে পারেনি। পরে মূল রাস্তা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে এই হৃদয় বিদারক ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সিলেট মহানগর আওয়ামীলীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আসাদ, সিলেট সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিলেট জেলা যুবলীগের সাবেক সভাপতি জগদীশ চন্দ্র দাশ ও বর্তমান কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, পল্লবী সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ সহ নানা শ্রেণি পেশার লোকজন।
Sylhetnewsbd Online News Paper