সিসিক নির্বাচনে নৌকার কান্ডারী কামরানকে নিয়ে শোডাউন

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নৌকার টিকিট নিয়ে সিলেটে ফেরার পর আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে নিয়ে সিলেটে শোডাউন দিয়েছে নেতা-কর্মীরা। বিকেলে শতাধিক মোটরসাইকেলে বহন নিয়ে কামরানকে নিয়ে এই শোডাউন দেওয়া হয়।

দলীয় মনোনয়ন পাওয়ার পর শনিবার সকালে ঢাকা থেকে সড়কপথে সিলেটে রওয়ানা দেন কামরান। তার আগেই স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা কামরানের মনোনয়নপ্রাপ্তিতে আনন্দ মিছিলের আয়োজন করে। তারা নগরীর রেজিস্ট্রারী মাঠে জড়ো হয়ে মোটরসাইকেল নিয়ে চন্ডিপুলস্থ আব্দুস সামাদ আজাদ চত্বরে যায়। সেখানে বিকেল সাড়ে ৪ টার এসে কামরান পৌছলে নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় এক সংক্ষিপ্ত ভাষনে কামরান দলীয় প্রাপ্তিতে সভানেত্রী ও প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন- জাতিরজনকের কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মাধ্যমেই সিলেটবাসীকে নৌকা উপহার দিয়েছেন। আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় নেতাকর্মী ও নগরবাসীকে নিয়ে এক সঙ্গে মাঠে নামবেন।

এদিকে- কামরানকে নিয়ে দলীয় নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন করে তার মাছিমপুরস্থ বাসায় নিয়ে আসেন। সেখানেও বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।