সিলেট নিউজ বিডি ডেস্ক: আগামী জাতীয় নির্বাচনের আগে দলীয় কোন্দল মেটাতে তৃণমূল নেতাদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে যেন কোনো ধরনের দলীয় কোন্দল না হয়। যেসব ইউনিয়ন কমিটি নিয়ে দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্ব খুব দ্রুত মিটিয়ে ফেলতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখার সময় এই নির্দেশ দেন শেখ হাসিনা।
সভায় রাজশাহী, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধীন প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের নির্বাচিত দলীয় চেয়ারম্যান, মহানগরের অধীন সংগঠনের প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও দলীয় নির্বাচিত কাউন্সিলার এবং জেলা পরিষদের নির্বাচিত দলীয় সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় অন্য দল থেকে নেতা-কর্মীদেরকে আওয়ামী লীগে না আনারও নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, গ্রুপ করতে যেয়ে যারা আমাদের মানুষ হত্যা করেছে, নির্যাতন করেছে, তাদেরকে টানাটানি না করে নিজেরা কর্মী সৃষ্টি করুন।
তিনি বলেন, আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করতে হবে, শক্তিশালী করতে হবে, জনসমর্থন বাড়াতে হবে।
প্রত্যেকটা ইউনিয়নের নেতা-কর্মীদের তথ্য এখন থেকে কম্পিউটারে ডাটাবেজ করে রাখার কথাও জানিয়ে প্রধানমন্ত্রী। বলেন, যেন প্রত্যেকটা এলাকায় আমরা জানতে পারি, কোথায় আমাদের কর্মীরা কী করে।
Sylhetnewsbd Online News Paper