‘বালু পাথর সরবরাহকারী’,কামরান: স্ত্রীর সম্পদ দ্বিগুণ!

সিলেট নিউজ বিডি ডেস্ক: আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান পেশায় ‘বালু পাথর সরবরাহকারী ও কমিশন এজেন্ট’। আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী কামরান। এ নেতা নির্বাচন কমিশনে যে হলফনামা দাখিল করেছেন, সেখান থেকে তার পেশা সম্পর্কে এমন তথ্য পাওয়া গেছে। হলফনামা অনুসারে, গত পাঁচ বছরে কামরানের সম্পদ বেড়েছে। তার স্ত্রী আসমা কামরানের সম্পদ প্রায় দ্বিগুণ বেড়েছে। কামরানের চেয়ে তার স্ত্রীর সম্পদ বেশি।

বৃহস্পতিবার নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন বদর উদ্দিন আহমদ কামরান। মনোনয়নপত্রের সাথে নিজের সম্পদের হলফনামাও জমা দেন তিনি।

হলফনামা অনুসারে, কামরানের স্থাবর-অস্থাবর সম্পদের মূল্য ২ কোটি ২৪ লাখ ৭৩১ টাকা। ‘বালু পাথর সরবরাহকারী ও কমিশন এজেন্ট’ এই পেশা থেকে কামরানের আয় ৩ লাখ ৮০ হাজার টাকা। শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতের সুদ থেকে বছরে তার আয় ২৩ লাখ ৯১ হাজার ৪০৩ টাকা। বৈদেশিক মুদ্রা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কামরানের নামে এক কোটি ৫৫ লাখ ৪২ হাজার ৯২৯ টাকা আছে। তার কাছে নগদ ৪ লাখ ৫৩ হাজার ৫৫২ টাকা এবং স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু রয়েছে দেড় লাখ টাকা মূল্যের। অস্থাবর সম্পত্তি হিসেবে কামরান ৪৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা মূল্যের অকৃষি জমির কথা উল্লেখ করেছেন। উত্তরাধিকার সূত্রে পাওয়া ১০ লাখ টাকা মূল্যের একটি দোতলা বাড়ি রয়েছে কামরানের। সোনালী ব্যাংকে কামরানের ৬৮ লাখ ৮০ হাজার ২৮২ টাকা ঋণ রয়েছে।

এদিকে, কামরানের স্ত্রী আসমা কামরানের নামে বৈদেশিক মুদ্রা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২ কোটি ৫ লাখ ৯৪ হাজার ২০০ টাকা আছে। আসমা কামরানের নামে ১৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বন্ড ও ঋণপত্র, ৬ লাখ ৫০ হাজার টাকা মূলের একটি জিপ গাড়ি, ১ লাখ ৪০ হাজার টাকার অলংকার, নগদ ৮৪ হাজার ৩৩১ টাকা, ৩১ লাখ ৪ হাজার ৮০১ টাকার অকৃষি জমি এবং ৩ কোটি ১৩ লাখ ৯৬ হাজার ৫৮৯ টাকা মূল্যের একটি ভবন রয়েছে। কামরান ও তার স্ত্রীর নামে ২ লাখ ৮১ হাজার ৪০০ টাকা মূল্যের ইলেকট্রনিক সামগ্রী এবং ৪ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের আসবাবপত্র রয়েছে।

এবারের হলফনামা অনুসারে, বদর উদ্দিন আহমদ কামরানের স্থাবর-অস্থাবর সম্পত্তির মূল্য ২ কোটি ২৪ লাখ ৭৩১ টাকা। সিসিকের তৃতীয় নির্বাচনে ২০১৩ সালে মেয়র প্রার্থী হিসেবে কামরান যে হলফনামা দাখিল করেছিলেন, সেখানে তার স্থাবর-অস্থাবর সম্পত্তির মূল্য ছিল এক কোটি ৮৯ লাখ ২৮ হাজার ৪৯৫ টাকা। এ হিসেবে গত পাঁচ বছরে তার সম্পত্তি বেড়েছে ৩৪ লাখ ৭২ হাজার ২৩৬ টাকা। কামরানের চেয়ে গত পাঁচ বছরে তার স্ত্রীর সম্পত্তি বেড়েছে অনেক বেশি। এবার তার স্ত্রী আসমা কামরানের সম্পত্তির মূল্য ৫ কোটি ৭৫ লাখ ১৪ হাজার ৯২১ টাকা। ২০১৩ সালে আসমা কামরানের সম্পত্তির পরিমাণ ছিল ৩ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৫৮৯ টাকা। এ হিসেবে তার সম্পত্তি বেড়েছে ২ কোটি ৬৪ লাখ ৬১ হাজার ৩৩২ টাকা।

কামরানের চেয়ে তার স্ত্রীর সম্পত্তি ৩ কোটি ৫১ লাখ ১৪ হাজার ১৯০ টাকা বেশি। ২০১৩ সালের হলফনামায় কামরানের কোন ঋণের তথ্য ছিল না।