রাজধানীতে মিছিল করেছে আ.লীগ

সিলেট নিউজ বিডি ডেস্ক: বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের অস্টম দিনে রাজধানীতে মিছিল করতে দেখা গেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। রোববার ০৫ আগস্ট সকাল সাড়ে দশটার দিকে বাড্ডায় মিছিল নিয়ে বের হয় স্থানীয় আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী।

‘ছাত্র-জনতা ভাই ভাই, বাংলাদেশের উন্নয়ন চাই’ স্লোগানে বাড্ডার প্রগতি সরণী প্রদক্ষিণ করে মিছিলটি।

এদিকে রোববার সকাল থেকে রাজধানীর কোথাও আন্দোলনকারী শিক্ষার্থীদের চোখে পড়েনি। তবে দুপুরের পর থেকে তারা সড়কে অবস্থান নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে বিগত সাত দিনের মতো আজও বন্ধ রয়েছে গণপরিবহন চলাচল। যে কারণে আজও বিপাকে পরতে হয়েছে সাধারণ অফিসগামী যাত্রীদের।

উল্লেখ্য, ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় নিহত হন মিম ও করিম নামে দুই শিক্ষার্থী। ওই দুর্ঘটনায় ১০-১৫ জন শিক্ষার্থী আহতও হন । এ ঘটনায় দিয়ার বাবা ওই দিনই ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন।

দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকেই নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। শনিবার তাদের আন্দোলনের সপ্তম দিনেও স্থবির হয়ে রয়েছে রাজধানী ঢাকা। নিরাপত্তাহীনতার অজুহাতে ঢাকা শহরের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা।