সিলেট নিউজ বিডি ডেস্ক: রাজধানীর জিগাতলায় ছাত্রদের উপর হামলার বিচার ও নৌমন্ত্রীর পদত্যাগ এবং নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর পথে পথে নেমেছেন শিক্ষার্থীরা।
রোববার ০৫ আগস্ট সকাল থেকেই ঢাকার বিভিন্ন মোড় অবরোধ শুরু করেন তারা। এসময় রামপুরায় সংঘর্ষ ও জিগাতলায় শিক্ষার্থীদের ওপর টিয়ারসেল নিক্ষেপ করা হয়।
দুপুর ১টার দিকে শাহবাগ থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জিগাতলার দিকে যায়। এসময় পুলিশ তাদের থামাতে ব্যারিকেড দিয়ে রাখে। শিক্ষার্থীরা ব্যারিকেড সরাতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন জিগাতলা বাসস্ট্যান্ডের সামনে পুলিশ তাদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগের দিকে রওয়ানা হয়। এসময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
এ দিকে, সকালে রামপুরায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হন। এসময় তারা বিভিন্ন স্লোগানে রামপুরার সড়ক অবরোধ করেন। এর কিছুক্ষণ পরই শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা চালালে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে হামলাকারীরা পিছু হটে।
শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাই হামলার সঙ্গে জড়িত।
অন্যদিকে, গত কয়েক দিনের ছাত্র আন্দোলনে উত্তাল মিরপুর আজ অনেকটাই শান্ত। এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোয় পুলিশ অবস্থান নিয়েছে। শিক্ষার্থীরা জমায়েত হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দিচ্ছে। মিরপুর ১ নম্বর গোল চত্বর ঘিরে বেলা ১১টা থেকে যুবলীগ–ছাত্রলীগের শতাধিক কর্মীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
সুত্র: গো নিউজ২৪
Sylhetnewsbd Online News Paper