স্বেচ্ছাসেবকলীগ নেতা রশীদের উপর হামলা, গুরুতর আহত

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম. রশীদ আহমদকে হামলা চালানো হয়েছে। মেডিকেল থেকে পাওয়া তথ্য মতে তার শরীরের চারটি স্থানে কোপ রয়েছে। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার ২০ আগস্ট সকাল সাড়ে ১০ টা থেকে বেলা পৌণে ১ টা পর্যন্ত রশীদ আহমদের শরীরে অস্ত্রোপচার চলছিল। এর আগে রবিবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে নগরীর হাউজিং এস্টেট গেইটের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম. রশীদ আহমদ।

প্রত্যক্ষদর্শী ও স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা জানিয়েছেন- ‘রবিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে হাউজিং এস্টেট গেইটের সামনে হঠাৎ করে রশীদের উপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। ধারালো অস্ত্র দিয়ে তারা রশীদকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যান।’

সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমরুল হাসান চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন- ‘আহত এম রশীদ আহমদ শঙ্কামুক্ত আছেন। সন্ত্রাসীরা তার দুই হাতে, ঘাড়ে এবং বুকের বামপাশে কুপিয়েছে। দেশীয় অস্ত্রের আঘাতে তার শরীরের ৩টি স্থানে ভেঙে গেছে।’

এম. রশীদ আহমদের ছোটভাই এম শিব্বির আহমদ বলেছেন, ভাইয়ের চিকিৎসা শেষ হওয়ার পর তারা মামলা দায়ের করবেন। তিনি সকলের কাছে ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন।