সিলেট নিউজ বিডি ডেস্ক: মানিকগঞ্জের ‘রাজাবাবু’ গরুটিকে কোরবানি দেয়া হয়েছে সুনামগঞ্জের ছাতক উপজেলায়। বৃহস্পতিবার (২৩ আগস্ট) ঈদুল আজহার দ্বিতীয় দিন সকাল ১০টার দিকে গরুটি কোরবানি দিয়েছেন উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামের মুনসিফ আলী। কোরবানির আগে রাজাবাবুকে শেষ বারের মতো দেখতে ভিড় করে এলাকাবাসী।
বৃহস্পতিবার ঈদ-উল-আজহার দ্বিতীয় দিন সকাল সাড়ে ১০টায় জেলার ছাতক উপজেলার সৈদেরগাঁও গ্রামের শিল্পপতি ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলীর বাড়িতে কোরবানি দেয়া হয় ‘রাজাবাবু’কে।
মুনসিফ আলীর ব্যক্তিগত সহকারী মো.শহীদুল ইসলাম শহীদ জানান, মঙ্গলবার ঢাকার গাবতলী থেকে সাড়ে ১৮ লাখ টাকায় রাজাবাবুকে কেনেন গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মাল্টিপ্লান লিমিটেডের চেয়ারম্যান, এনআরডিসিবি কমার্সিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ মুনসিফ আলী।
বুধবার রাতে ট্রাকে করে ‘রাজাবাবু’কে সুনামগঞ্জ নিয়ে আসা হয়। ‘রাজাবাবু’র পাশাপাশি আরও ছয়টি গরু কোরবানি দিয়েছেন মুনসিফ আলী।
শহীদ আরও জানান, ‘রাজাবাবু’সহ মোট ছয়টি গরুর মাংস হয়েছে ১০২ মণ। এই ছয়টি গরুর মাংসই এলাকার মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
‘রাজাবাবু’র উচ্চতা ছিল ৬ ফুট ৭ ইঞ্চি। বুকের মাপ ১০ ফুট, লম্বায় ৮ ফুট। আর ওজন ৫৫ মণ। মানিকগঞ্জের সাটুরিয়ার উপজেলার দেলুয়া গ্রামের খামারি খাইরুল ইসলাম খান্নু মিয়ার অতিযত্নে পালন করেন হলস্টেইন ফ্রিজিয়ান জাতের এই গরু।
Sylhetnewsbd Online News Paper